২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলেঙ্গানা বিল: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

ভারতের লোকসভায় তেলেঙ্গানা বিল পাসের প্রতিবাদে পদত্যাগ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি। ক্ষমতাসীন কংগ্রেস পার্টিও ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন রেড্ডি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 05:30 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

এর আগে মঙ্গলবার লোকসভায় তেলেঙ্গানাকে পৃথক রাজ্য করার বিল পাসের প্রতিবাদে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন ক্ষমতাসীন কংগ্রেসের বহিষ্কৃত এমপি এল রাজাগোপাল। রাজনীতি থেকে সরে দাঁড়ানোরও ঘোষণা দেন তিনি।

রেড্ডি এদিনই পদত্যাগ করার হুমকি দেন। পরে বুধবার সকালে মন্ত্রিসভার কয়েকজন সদস্য ও সীমান্ধ্রের বিধায়কদের সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের সামনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

‘যেভাবে তেলেঙ্গানা বিলটি পাস করানো হয়েছে তা ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে রেড্ডি বলেন, “টিভি সম্প্রচার বন্ধ করে লোকচক্ষুর অন্তরালে তেলেঙ্গানা বিল পাস হয়েছে। এটি লজ্জাজনক”।

বিলটি সমর্থন করার জন্য তিনি বিরোধীদল ভারতীয় জনতা পার্টিরও (বিজেপি) সমালোচনা করেন এবং দলটি কংগ্রেসের সঙ্গে গোপন চুক্তি করেছে বলে অভিযোগ করেন।

মঙ্গলবার বিলটি পাসের সময় নজিরবিহীনভাবে এর টিভি সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসাবে কারিগরি ত্রুটির কথা জানিয়েছেন কর্মকর্তারা। কিন্তু বিরোধীদলগুলো বলছে সরকারের নির্দেশেই টিভি সম্প্রচার বন্ধ করা হয়।

বুধবার তেলেঙ্গানা বিল পার্লামেন্টের উচ্চকক্ষে পেশ করার কথা রয়েছে। বিলটি অনুমোদন পেলে ভারতে তেলেঙ্গানা নামের নতুন ২৯ তম রাজ্য প্রতিষ্ঠার পট প্রস্তুত হবে।