কো-পাইলটের হাতে ‘ছিনতাই’ ইথিওপীয় বিমান
সুইজারল্যান্ডের জেনেভায় অবতরণ করা ইথিওপীয় এয়ারলাইন্সের বিমানটি ছিনতাই করেছে ওই বিমানেরই কো-পাইলট।
বিমানটি আদ্দিস আবাবা থেকে রোমে যাচ্ছিল। পথে বিমানের পাইলট ককপিট ছেড়ে টয়লেটে গেলে সেই সুযোগে বিমানটি ছিনতাই করা হয়।
সোমবার সুইজারল্যান্ডে অবতরণের পর জেনেভা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে দেশটিতে আশ্রয়ও চেয়েছেন ছিনতাইকারী ওই কো পাইলট। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার কাছে কোনো অস্ত্র ছিল না। বিমানটি অবতরণের পর ককপিটের জানালা দিয়ে বিমান থেকে বের হয়ে যান তিনি। যাত্রীরা সবাই নিরাপদই ছিল বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশের মুখপাত্র পিয়ারে গ্র্যাঙ্গিয়ান।
তিনি আরো জানান, “বিমানটি অবতরণের পরপরই কো-পাইলট ককপিট থেকে বেরিয়ে এসে পুলিশের কাছে ছুটে যান এবং বলেন, ‘আমিই ছিনতাইকারী’। এরপর নিজ দেশে তার নিরাপত্তা নেই জানিয়ে তিনি সুইজারল্যান্ডে আশ্রয় প্রার্থনা করেন”।
বিমানটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ২০২ জন আরোহী ছিল। তাদের সবাই সুস্থ এবং নিরাপদ আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জেনেভা বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানটি অবতরণের পর যাত্রীদের সবাইকে তল্লাশি চালানো হয় এবং একটি বাসে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
সময়সূচি অনুযায়ী, স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে ফ্লাইট-৭০২ আদ্দিস আবাবা ত্যাগ করে এবং তার রোম পৌঁছার কথা স্থানীয় সময় রাত ৪টা ৪০ মিনিটে। কিন্তু বোয়িং- ৭৬৭-৩০০ সুইশ সময় সকাল ৬টায় হঠাৎ করেই জেনেভায় অবতরণের অনুমতি চায়।
