মিশরে পর্যটক বাসে বোমা হামলা, নিহত ৪
মিশরের সিনাই উপদ্বীপে একটি পর্যটকবাহী বাসে বোমা হামলায় ৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন দক্ষিণ কোরীয় ও একজন মিশরীয় নাগরিক।
রোববার বিকেলে চালানো এ হামলায় আরো ১৪ জন দক্ষিণ কোরীয় নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।সিনাই পর্বতের জনপ্রিয় পর্যটন স্থান সেন্ট ক্যাথেরিন মনাসটেরি পরিদর্শনের পর পর্যটকদের নিয়ে বাসটি ইসরায়েলের দিকে যাচ্ছিল। ইসরায়েলি সীমান্ত পাড়ি দেওয়ার প্রস্তুতি নেয়ার সময় বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে।বাসটির ভিতরে অথবা কাছে একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়, তবে বিস্তারিত এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। কোনো পক্ষ হামলার দায়িত্ব স্বীকার করেনি।প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, বাসটি লক্ষ করে এক তরুণ একটি বোমা ছুঁড়ে মারে; অপর একটি প্রতিবেদনে মিশরে নিযুক্ত দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, হামলাকারী বাসেই ছিল।দক্ষিণ কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানায়, বাসটিতে ৩১ জন পর্যটক ও তিনজন গাইড ছিলেন। গাইডদের মধ্যে দুইজন কোরীয় ও একজন মিশরীয়।ওই মন্ত্রণালয়ের বরাত দিয়ে দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ বলেছে, নিহতদের মধ্যে দুজন কোরীয় গাইড ও একজন কোরীয় পর্যটক রয়েছেন এবং নিহত অপরজন মিশরীয় বাসচালক।আহত ১৪ জন দক্ষিণ কোরীয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পর্যটকরা একটি গির্জা-গোষ্ঠীর সদস্য। তারা তুরস্ক, মিশর ও ইসরায়েলের ধর্মীয় তীর্থস্থানগুলোতে ১২ দিনের এক সফরে এসেছিলেন।২০১১ সালে মিশরের সাবেক একনায়ক হোসনি মুবারককে ক্ষমতা থেকে উচ্ছেদের পর থেকে সিনাই উপদ্বীপে আইন-শৃঙ্খলা ব্যবস্থা ক্রমশ ভেঙ্গে পড়ছে।সিনাইয়ে বেশ কয়েকটি জঙ্গিগোষ্ঠী সক্রিয় আছে। এদের পাশাপাশি অঞ্চলটির বেদুইন উপজাতিগুলোর জীবনযাপনও কায়রোর নিয়ন্ত্রণের বাইরে।২০১৩ সালের জুলাইয়ে মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে সিনাইসহ মিশরে ইসলামি জঙ্গিদের হামলা বেড়ে গেছে।
