সিরিয়া আলোচনা: অগ্রগতি না হওয়ায় জাতিসংঘের দুঃখপ্রকাশ
সিরিয়া শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় দেশটির জনগণের কাছে দুঃখপ্রকাশ করেছেন জাতিসংঘের মধ্যস্থতাকারী লাখদার ব্রাহিমি।
প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারে সঙ্গে বিদ্রোহীদের সমঝোতার জন্য জেনেভায় দ্বিতীয় দফার আলোচনায় শেষ প্রচেষ্টা চালান ব্রাহিমি।
তবে অন্তর্বর্তী সরকার নিয়ে সিরীয় সরকারের প্রতিনিধিরা কোনো আলোচনায় যেতে রাজি না হওয়ায় তার ওই প্রচেষ্টা ভেস্তে যায় বলে জানান জাতিসংঘ শান্তিদূত।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জেনেভোর স্থানীয় সময় শনিবার সকালে শেষ পর্বের বৈঠকটি মাত্র ২৭ মিনিট স্থায়ী হয়।
এর পরই বিষণ্ন চেহারা নিয়ে সাংবাদিকদের সামনে হাজির হন ব্রাহিমি।
প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুৎ করতে সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র লড়াই করছে কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী। ২০১১ সাল থেকে চলমান এ যুদ্ধে এক লাখেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
সহিংসতা থামাতে বিশ্ব সম্প্রদায় উভয়পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালালেও যুদ্ধ বন্ধে তার কোনো প্রভাব লক্ষ করা যায়নি। এর মধ্যে নীতিগতভাবে আসাদ প্রশাসনের বিপক্ষে থাকা কয়েকটি প্রভাবশালী দেশ সামরিক হস্তক্ষেপের উদ্যোগ নিলেও রাশিয়ার হুমকির কারণে তা থেমে যায়।
সিরিয়া নিয়ে কিছুদিন আগে জেনেভায় প্রথম দফা আলোচনা হয়। সেখানে সরকারি ও বিদ্রোহীদের প্রতিনিধিরা প্রথমবারের মতো মুখোমুখি আলোচনায় বসেন। যুদ্ধে হতাহতদের স্মরণে উভয়পক্ষকে নিয়ে এক মিনিট নিরবতা পালন করেন ব্রাহিমি, যাকে বৈঠকের ‘দৃশ্যমান অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেন তিনি।
প্রথম দফা বৈঠকের উল্লেখযোগ্য অগ্রগতি ছিল যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক ত্রাণ তৎপরতার সুযোগ সৃষ্টি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকার দীর্ঘদিন পর অবরুদ্ধ এলাকায় খাবার ও জীবন রক্ষাকারী সরঞ্জাম নিয়ে সাহায্যকর্মীদের প্রবেশের অনুমোদন দেয়। এছাড়া আটকে পড়া হোমস শহর থেকে সাধারণ নাগরিকরাও বেরিয়ে যাওয়ার সুযোগ পায়।
দ্বিতীয় দফার বৈঠকে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও উভয়পক্ষ তৃতীয় দফার আলোচনায় বসার বিষয়ে সম্মতি দিয়েছে। তবে তার কোনো দিনক্ষণ ঠিক হয়নি।
