২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছ্যাঁকার’ প্রতিশোধ নিতে অভিনব কাণ্ড

ভালোবাসা দিবসটি প্রেমিক যুগলদের জন্য যতটা আমোদ-প্রমোদের; প্রেম বঞ্চিতদের জন্য অনেক সময় তা ততোটাই তিক্ততার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 09:54 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

এবারের ভালোবাসা দিবসে অভিনব এক কাণ্ড করে যুগলদের রোমান্স পরিকল্পনা গুড়েবালি করে মনের ঝাল মিটিয়েছেন চীনের একদল ‘ছ্যাঁকা খাওয়া’ যুবক।স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটেনের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বেইজিংয়ের সিনেমা হলের সন্ধ্যার শো’র সবগুলো বেজোড় সংখ্যার টিকিটগুলো বুকিং দেয়। ফলে পাশাপাশি বসে প্রেমিক-প্রেমিকার অন্তরঙ্গভাবে সিনেমা দেখার আশায় ছাই পড়ে।কাজটি করার জন্য ইন্টারনেটে প্রচারণা চালিয়ে প্রেমতিক্ত অন্যান্যদেরও সহায়তা পেয়েছেন ওই যুবক।ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া ‘বেইজিং লাভ স্টোরি’ সিনেমাটি যেসব হলে প্রদর্শিত হওয়ার কথা যুবকরা সেখানেই বেজোড় সংখ্যার টিকিট কিনেছে বলে কয়েকটি গণমাধ্যমের খবরে জানা যায়।‘সাংহাই মর্নিংপোস্ট’ পত্রিকার খবরে বলা হয়, একদল প্রেমবিরাগী যুবক সাংহাই জিনটিয়ান্দি সিনেমা হলের সন্ধ্যা সাড়ে ৭টার শো’র টিকিটগুলো কিনতে একযোগে কাজ করেছে। ওই সিনেমা হলে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘বেইজিং লাভ স্টোরি’ সিনেমাটি।সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে কুমাররা লেখেন, ‘ভ্যালেনটাইনস ডে’ তে (সঙ্গীকে নিয়ে) একটা সিনেমা দেখতে চাও? দুঃখিত! তোমাদেরকে ভিন্ন ভিন্ন আসনে বসতে হবে। প্রিয়জনের অনুপস্থিতি তোমাদের মনে একটু প্রেম জাগাবে। সিঙ্গেলদের জন্য একটু সুযোগ দাও।”একটি পত্রিকার সাক্ষাৎকার দিয়েছিলেন ওই যুবক। নাম প্রকাশ না করেই তিনি বলেন, গত বছর সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে তিনি প্রেম যন্ত্রণায় ভুগছিলেন। আর সেই তিক্ততা থেকেই ঠাট্টাচ্ছলে এই ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ।পরিকল্পনাটি বাস্তবায়ন করা অনেক কঠিন ছিল। টিকিট বুকিংয়ের জন্য অত টাকা জোগাড় করাও তার জন্য কঠিন ছিল। তার ওপর আবার অনলাইন বুকিং সেন্টার ও সরাসরি টিকিট কেনার ক্ষেত্রে তাকে বাধার শিকার হতে হয়েছে। প্রথমে এভাবে এতগুলো টিকিট বুকিং দিতে চায়নি কর্তৃপক্ষ।পরিকল্পনা অনুযায়ী টিকিট কিনতে অনলাইনে তিনি আরো কিছু লোককে আমন্ত্রণ জানান। তারা ভিন্ন ভিন্নভাবে টিকিট কিনে প্রেম বঞ্চিত যুবকদের ইচ্ছা পূরণ করে।সিনেমা কর্তৃপক্ষও স্থানীয় গণমাধ্যমকে জানায়, তারা বাকি টিকিটগুলো মূল্য ছাড় দিয়ে বেচার সিদ্ধান্ত নিয়েছে।যুবকদের কাণ্ডে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার ঝড় উঠেছে।কেউ বলছে- এটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ। একজন লিখেছেন, একাকী জীবনের মানুষদের স্বপ্ন অনেক দিন পর সত্য হল। তবে অনেকের মতে এটা হিংসাত্মক ও রুগ্ন চিন্তা।