২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখেও ৬৫ আফগান বন্দির মুক্তি

যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখেও বাগরাম কারাগার থেকে ৬৫ জন বন্দিকে মুক্তি দিয়েছে আফগানিস্তান সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 03:45 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জহির আজিমি বৃহস্পতিবার বলেছেন, মুক্তিপ্রাপ্তদেরকে তাদের নিজ নিজ বাড়ির এলাকায় পাঠিয়ে দেয়া হবে।যুক্তরাষ্ট্র এ পদক্ষেপকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে এর নিন্দা জানিয়েছে। এ সিদ্ধান্তের ফলে যে পরিণতি হবে তার দায় আফগান সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।আফগানিস্তানের রাজধানী কাবুলের মার্কিন দূতাবাস বলেছে, মুক্তি পাওয়া বন্দিদের কেউ কেউ আফগান বেসামরিক নাগরিক এবং আফগান ও নেটো বাহিনীর সেনাদের হত্যার জন্য দায়ী।তবে কাবুল বলছে, বন্দিদের বিরুদ্ধে অপরাধের যথেষ্ট তথ্য-প্রমাণ নেই। যুক্তরাষ্ট্র বাগরাম বিমানঘাঁটির বন্দিশালার দায়িত্ব গতবছর আফগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই গত মাসে বাগরাম জেল থেকে ৭০রও বেশি বন্দিকে মুক্তি দেয়ার পরিকল্পনা জানান।বন্দিরা মুক্ত হওয়ার পর আবারো আফগান ও নেটো বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করতে পারে বলে যুক্তরাষ্ট্র শঙ্কিত। একারণে আফগান সরকারের বন্দিমুক্তির সিদ্ধান্তের বিরোধিতা করছে তারা।কিন্তু বন্দিদের মামলা পর্যালোচনার দায়িত্বে থাকা আফগান বোর্ডের প্রধান আবুল শকর দাদরাস বলেছেন, বন্দিদেরকে আটক রাখাটা শুরু থেকেই অন্যায় হয়েছে।রয়টার্স টিভিকে তিনি বলেন, “আফগান আইনানুসারে আমরা ওই ৬৫ জনকে অপরাধী প্রমাণ করার কোনো আলামতই খুঁজে পাইনি”।“আমার বিশ্বাস এদেরকে মুক্তি দেয়ার পদক্ষেপটি আফগান জাতি, আমেরিকান জাতি ও সরকারের জন্য ভাল ফলই বয়ে আনবে”।ওদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, বন্দিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আফগান কর্মকর্তাদের কাছে অনেক অকাট্য তথ্য-প্রমাণ হাজির করেছে। মুক্তিপ্রাপ্তদেরকে আফগান আদালতে বিচার করা উচিত বলেও মত দিয়েছে তারা।মুক্তিপাওয়া বন্দিদের মধ্যে নুরুল্লাহ নামের একজনকে তালেবান কমান্ডার বলে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। লোগার প্রদেশে নুরুল্লাহর চালানো অভিযানে এক মার্কিন সেনা নিহত হয় বলে অভিযোগ করেছে মার্কিন বাহিনী।এর পরিপ্রেক্ষিতে মুক্তিপ্রাপ্ত বন্দিদের প্রতিটি মামলাই পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখতে আফগান কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে।