২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে মোদির সঙ্গে বয়কট করে রাখা সম্পর্কের অবসান ঘটনোর ইঙ্গিত দিল ওয়াশিংটন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 03:03 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

২০০২ সালে গুজরাটে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার পর থেকে মোদির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন। এমনকি ২০০৫ সালে মোদিকে ভিসাও দেয়নি ওয়াশিংটন। ওই ঘটনার পর এটাই যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তির সঙ্গে মোদির প্রথম বৈঠক।ভারতের আসন্ন জাতীয় নির্বাচনে প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মোদির নাম ঘোষণা করেছে। নির্বাচনে বিজেপি ও মোদির জযের সম্ভাবনা অনেক বেশি। এ কারণেই যুক্তরাষ্ট্র হয়তো মোদির সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চাইছে।বৃহস্পতিবার গুজরাটের রাজধানী গান্ধিনগরে মোদির সঙ্গে সাক্ষাত করেন ন্যান্সি। টেলিভিশনের ফুটেজে দেখা যায়, মোদি ন্যান্সির হাতে লাল ও হলুদ ফুল দিয়ে বানানো একটি তোড়া তুলে দেয়ার পর ন্যান্সি মোদির সঙ্গে হাসি মুখে হাত মেলাচ্ছেন।গুজরাট সরকার এই টেলিভিশন ফুটেজটি প্রকাশ করেছে। ফুটেজে আরো দেখা যায়, মোদির সরকারি বাস ভবনের সভাকক্ষে তারা দুজন বসে আছেন। তবে তাদের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানানো হয়নি।হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি ট্রেনে অগ্নিকাণ্ডে ৫৯ জনের প্রাণ হারানোর ঘটনাকে কেন্দ্র করে গুজরাটে ওই দাঙ্গার সূচনা হয়েছিল। সাম্প্রদায়িক ওই সহিংসতায় অন্ততপক্ষে এক হাজার মানুষ নিহত হন যাদের অধিকাংশই ছিলেন মুসলমান।ওই সময় মুসলমানদের ওপর হামলা চালাতে মোদি উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। যদিও মোদি সবসময়ই তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করে আসছেন। দেশটির সর্বোচ্চ আদালতও উস্কানি দেয়ার ব্যাপারে মোদির জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি।মোদি-ন্যান্সি বৈঠকে মোদিকে যুক্তরাষ্ট্রের ভিসা না দেয়ার বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন উঠেছিল কিনা সেটা জানা যায়নি।

তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, মোদি যদি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হন সেক্ষেত্রে তাকে ভিসা দিতে যুক্তরাষ্ট্র আর আপত্তি করবে না।