২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে পুলিশবাসে হামলা, নিহত ১৩

পাকিস্তানে একটি পুলিশ বাসকে লক্ষ করে চালানো বোমা হামলায় অন্ততপক্ষে ১৩ জন নিহত এবং আরো ৪৭ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বেসামরিক মানুষও রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 02:46 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

দ্য ডন নিউজ বলছে, করাচির শাহ লতিফ শহরে রাজ্জাকাবাদ পুলিশ প্রশিক্ষণ কলেজের কাছে বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল এএফপিকে বলেন, “ভোরের দিকে এই হামলা চালানো হয়। নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তারা বাসটিতে করে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন।““খুব সম্ভবত বিস্ফোরক বোঝাই একটি গাড়ি প্রচণ্ড জোরে বাসটিকে আঘাত করলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।“যদিও আত্মঘাতী বোমা হামলাকারী এই হমলা চালিয়েছেন এমন তথ্য উড়িয়ে দিয়েছেন সিআইডির এক কর্মকর্তা। তিনি বলেন, ঘটনাস্থলে বোমায় উড়ে যাওয়া শরীরের কোনো অংশ খুজে পাওয়া যায়নি যা এই তথ্যকে সমর্থন করতে পারে।উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের জিন্নাহ হাসপাতাল ও স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।জিন্নাহ হাসপাতালের চিকিৎসক সিমি জামালি অন্ততপক্ষে ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আরো কমপক্ষে ৪৭ জন আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।বিশেষ তদন্ত বিভাগের প্রধান এসএসপি ফারুক আওয়ান বলেন, ট্রেনিং সেন্টার থেকে বেরিয়ে বাসটি ইউ-টার্ন নিচ্ছিল। এ সময় একটি ছোট্ট ভ্যান বাসটিতে আঘাত করে।প্রাথমিক তদন্তে বলা হয়, হামলায় ২৫ থেকে ৩০ কিলোগ্রাম বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছে। দুই কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনতে পাওয়া যায়।পুলিশের পক্ষ থেকে বলা হয়, হামলার সময় বাসে ৫০ জনের বেশি কর্মকর্তা ছিলেন। হামলায় বাসটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি।