হোমসে আবার ত্রাণ তৎপরতা শুরু
সিরিয়ার অবরুদ্ধ হোমস শহরে যুদ্ধবিরতি বহাল রাখা নিয়ে স্থানীয় গভর্নরের সঙ্গে কয়েক ঘন্টা আলোচনার পর নতুন করে শুরু হয়েছে জাতিসংঘ ত্রাণ তৎপরতা।
বিবিসি বলেছে, জাতিসংঘের খাদ্যবাহী গাড়িগুলো শহরে প্রবেশ করেছে। শহর ছাড়তে ইচ্ছুক বাসিন্দাদের জন্য সাহায্য সংস্থার বাসগুলোও প্রস্তুতি নিয়েছে।
চলমান যুদ্ধবিরতি বুধবার শেষ হওয়ার কথা থাকলেও তা আরেক দফায় বাড়ানো হবে বলে জানিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার।
গত শুক্রবার সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত হওয়ার পর হোমস থেকে বেরিয়ে গেছে হাজার হাজার আটকে পড়া মানুষ। তবে আরো এক হাজারের বেশি মানুষ এখনো শহর ছাড়ার অপেক্ষায় আছে।
এর আগে হোমস শহরে ত্রাণ তৎপরতার জন্য যাওয়া রেড ক্রিসেন্টের গাড়ির বহরে হামলা হয়েছিল। তবে কারা হামলা চালায় তা স্পষ্ট জানা যায়নি।
সরকারি সেনারা ১৮ মাস ধরে হোমস অবরুদ্ধ করে রেখেছে। প্রাথমিকভাবে তিনদিনের যুদ্ধবিরতিতে শহরটি থেকে বেশ কিছু মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
পরে যুদ্ধবিরতির সময় বাড়িয়ে বুধবার পর্যন্ত ধার্য করা হয়। হোমসের গভর্নর বলেছেন, দরকার হলে সাময়িক এ যুদ্ধবিরতির সময় আরো বাড়ানো হবে।
মঙ্গলবার কয়েকটি কারণে ত্রাণ তৎপরতা স্থগিত হওয়ার পর আবার তা শুরু হয়েছে। চলছে আটকে পড়াদের সরিয়ে নেয়ার কাজও।
ওদিকে, সিরিয়ার সর্বত্র সাহায্যকর্মীদের বিচরণ করতে দেয়ার জন্য সব পক্ষকে আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাব পাশের বিপক্ষে মত দিয়েছে রাশিয়া।
অন্যদিকে, জেনেভায় জাতিসংঘের তত্ত্বাবধায়নে বুধবার তৃতীয় দিনের মতো আলোচনায় বসেছে সিরিয়ার সরকার ও বিরোধীপক্ষের প্রতিনিধিরা।
