প্রথম সরকারি আলোচনায় চীন-তাইওয়ান
চীন ও তাইওয়ানের মধ্যে শীর্ষ পর্যায়ের সরকারি আলোচনা শুরু হয়েছে। ১৯৪৯ সালে গৃহযুদ্ধ শেষের পর দুপক্ষের মধ্যে এটিই এ ধরনের প্রথম বৈঠক।
চীনের নানজিংয়ে চারদিনের এ বৈঠকে ঝ্যাঙ ঝিজুন চীনের পক্ষে ও ওয়াঙ উ-চি তাইওয়ানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।বৈঠকের আনুষ্ঠানিক কোনো আলচ্যসূচি প্রকাশ করা হয়নি। দু’পক্ষের এ বৈঠককে পারষ্পরিক আস্থা অর্জনের পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে।আলাদা রাষ্ট্রের মতো পরিচালিত হলেও তাইওয়ানকে নিজের অংশ বলে দাবি করে চীন এবং ধারাবাহিকভাবে তাইওয়ান দ্বীপের ওপর নিজের মালিকানা দাবি করে আসছে।চীনা মূল ভূখন্ডের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের প্রধান ঝ্যাং বলেন, “(আজ) আমরা এখানে একসঙ্গে বসতে পারব এটা অতীতে কল্পনা করাও অসম্ভব ছিল”।তিনি বলেন, “কিছু জটিলতার অবসান ঘটাতে গেলে আমাদের কিছু চিন্তা-ভাবনা থাকতে হবে। শুধু এ ধরনের একটি বৈঠকই না দুপারের ভবিষ্যৎ উন্নয়নের জন্য আমাদের আরো বড় ধরনের চিন্তা-ভাবনা থাকা উচিত”।ওদিকে, তাইওয়ানের মূলভূখন্ড বিষয়ক পরিষদের প্রধান ওয়াঙ ঐতিহাসিক এ বৈঠকেকে চীন এবং তাইওয়ানের জন্য নতুন অধ্যায় বলে বর্ণনা করেছেন।তিনি বলেন, “আমাদের জন্য কেবলমাত্র এক টেবিলে বসা, বিভিন্ন ইস্যু নিয়ে একসঙ্গে বসে আলোচনা করা কোনো সহজ ব্যাপারই না”।তাইওয়ানের কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি গণমাধ্যমকে বৈঠকের সংবাদ সংগ্রহ করার সুযোগ দিতে বেইজিংয়ের অস্বীকৃতির পর তারা সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ে কথা বলবেন।দ্বিপক্ষীয় এ আলোচনায় বেইজিং অবাধ বাণিজ্য চুক্তি পাস করার জন্য তাইওয়ানের ওপর চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। চুক্তির প্রস্তাবটি তাইওয়ানি পার্লামেন্টে আটকে আছে।চীন তাইওয়ানকে নিজের অংশ বলে দাবি করে। অপরদিকে নিজের নাম হিসেবে আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অব চায়না’ই ব্যবহার করে তাইওয়ান এবং বেইজিংয়ের কমিউনিস্ট সরকারের শাসনাধীন চীনকে নিজের অংশ বলে মনে করে, তবে জোর দিয়ে এই দাবি কখনো করে না।চীনের গৃহযুদ্ধে মাও সেতুংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্টদের কাছে প্রজাতন্ত্রী জাতীয়তাবাদী কুওমিন্টাংরা পরাজিত হয়। এরপর মূলভূখণ্ড ছেড়ে তৎকালীন চীনের একটি দ্বীপ তাইওয়ানে পালিয়ে যায় তারা।তারপর থেকে মূলভূখণ্ড চীন নামে কমিউনিস্ট শাসনে চলে যায়, আর তাইওয়ানকে রিপাবলিক অব চায়না নাম দিয়ে শাসন করতে থাকে প্রজাতন্ত্রীরা।যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষায় চুক্তিবদ্ধ হলেও কখনো স্বাধীন দেশ হিসেবে তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি। তাইওয়ান কখনো স্বাধীনতা ঘোষণা করে চীন থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়ার চেষ্টা করলে দ্বীপটিতে সামরিক হস্তক্ষেপ করা হবে বলে হুমকি দিয়ে রেখেছে চীন।
