হোমস ছাড়ছে আরো মানুষ
সিরিয়ার অবরুদ্ধ হোমস শহরে তিনদিনের যুদ্ধবিরতির সময় আরো বাড়ানো নিয়ে আলোচনার পর শহর ছেড়ে গেছে আরো ৩শ’ সিরীয় ।
সিরিয়ার রেড ক্রিসেন্ট টুইটারে সর্বশেষ এ খবরটি নিশ্চিত করেছে। শহরটির স্থানীয় গভর্নর এবং জাতিসংঘের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হওয়ার পর শ’শ’ বেসামরিক নাগরিক হোমস ছেড়েছে।এরই মধ্যে সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়ার সরকার ও বিরোধীপক্ষের মধ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফা শান্তি আলোচনা। বিশ্লেষকরা অবশ্য এ আলোচনা থেকে বেশি কোনো অগ্রগতি আশা করছেন না।বিরোধীপক্ষ ২০১২ সালের জেনেভা ঘোষণাপত্রের ব্যাপারে সরকারের লিখিত প্রতিশ্রুতি চায়।এ ঘোষণাপত্রে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনা নাকচ করেছে।জেনেভায় গত মাসে প্রথম দফা শান্তি আলোচনা পাকাপোক্ত কোনো চুক্তি ছাড়া এবং দু’পক্ষে পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে।২০১১ সালে সিরিয়ায় আন্দোলন-সংঘর্ষ শুরুর পর থেকে ১ লাখের বেশি মানুষ মারা গেছে। সহিংসতায় ঘরছাড়া হয়েছে ৯৫ লাখ মানুষ। এতে করে সিরিয়ার ভেতরে এবং বাইরের প্রতিবেশী দেশগুলোতে মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে।রোববার যুদ্ধবিরতির শেষ দিনে অবরুদ্ধ হোমস শহর থেকে আটকাপড়াদের উদ্ধারকাজ এবং ত্রাণ তৎপরতা সম্পন্ন হয়েছে। মর্টারের গোলা হামলার মধ্যে এ ত্রাণ তৎপরতা চলে।হামলার জন্য সিরিয়ার সরকার ও বিদ্রোহী পক্ষ একে অপরকে দোষারোপ করেছে। কয়েকজন নিহত হয়েছে বলেও জানিয়েছে আন্দোলনকর্মীরা।হোমস এর গভর্নর এবং বিদ্রোহীপক্ষের কয়েকটি সূত্র যুদ্ধবিরতি আরো তিনদিন বাড়ানোর সুপারিশ করে। রোববার যুদ্ধবিরতির সময় বাড়ানো নিয়ে আলোচনা চলার কথা জানান হোমসের গভর্নর। সোমবার এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছার কথা গভর্নর এবং বিরোধীপক্ষের কয়েকটি সূত্রের উদ্ধৃতি থেকে জানা গেছে।রোববার সন্ধ্যায় হোমস এ যুদ্ধবিরতি শেষের পর রাতভর বিস্ফোরণ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে সোমবার সকালের দিকে আবার পরিস্থিতি শান্ত হয়ে আসে বলে জানিয়েছেন সাংবাদিকরা। শহরটিতে যুদ্ধবিরতিও আবার শুরু হয়েছে বলে রেড ক্রিসেন্টের একটি টুইটে জানানো হয়েছে।ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যরা ফ্যাবিউস সোমবার বলেছেন, হোমস এ মানবিক ত্রাণ প্রবেশ করতে দেয়ার জন্য ফ্রান্স ও অন্যান্য দেশ জাতিসংঘে একটি প্রস্তাবনা পেশ করবে।ফরাসি বেতারে তিনি বলেন, “মানবিক দিকটিতে আরো জোরালো ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি আমরা। বিশেষ করে বিভিন্ন শহরে ওষুধ ও খাদ্য সরবরাহের দিকটিতে”।
