মাসুজো টোকিওর নয়া গভর্নর
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সমর্থিত লিবারেল ডেমক্রেটিক দলীয় প্রার্থী ইওইচি মাসুজো টোকিওর গভর্নর নির্বাচিত হয়েছেন। তিনি অ্যাবে মন্ত্রীসভার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।
রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বি অপর তিন প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করেন।সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এই জয় অ্যাবের জন্য স্বস্ত্বি বয়ে এনেছে। কারণ গত মাসে অন্য একটি স্থানীয় নির্বাচনে অ্যাবের সমর্থিত প্রার্থী হেরে গিয়েছিলেন।জয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে ৬৫ বছর বয়সী মাসুজো বলেন, “আমি টোকিওকে বিশ্বের সেরা শহরে পরিণত করবো। আমি সমাজকল্যান, দূর্যোগ প্রস্তুতি, অর্থনীতি ও বিশেষ করে ২০২০ সালে টোকিওতে হতে যাওয়া অলিম্পিক গেমসকে সাফল্যমন্ডিত করতে কাজ করতে চাই।”মাসুজোর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরিহিরো হসকাওয়া। ৭৬ বছর বয়সী এই নেতা অবসর ভেঙে আবারো নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন।নির্বাচনে হসকাওয়া তৃতীয় হয়েছেন। দ্বিতীয় হয়েছেন আইনজীবী কেনজি উতসুনোমিয়া। বিমানবাহিনীর সাবেক প্রধান তোশিও তামোগামি, যিনি ২০০৮ সালে অবসরে যান তিনি চতুর্থ হয়েছেন।অ্যাবে নবনির্বাচিত মাসুজোকে স্বাগত জানিয়ে বলেন, এখন তারা দুজনে মিলে ২০২০ সালে দারুণ একটি অলিম্পিক গেমস আয়োজনের জন্য একসঙ্গে কাজে ঝাঁপিয়ে পড়তে পারবেন।
