আন্না হাজারে: কেজরিওয়ালকে বিদ্রুপ, মমতার প্রশংসা
মুখ্যমন্ত্রীর সাধারণ জীবনাযাপনের প্রশংসা করেছেন ভারতের বর্ষিয়ান গান্ধিপন্থি আন্দোলনকারী আন্না হাজারে। তবে এই মুখ্যমন্ত্রী তার অনুসারী দিল্লির অরিবন্দ কেজরিওয়াল নন, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাজারে বলেছেন, ব্যক্তিগত জীবনে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী সত্যিকার সাধারণ জীবনযাপন অনুসরণ করেন।
শনিবার ভারতের রাজধানী দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন বলে রোববার জানিয়েছে এনডিটিভি।
৭৬ বছর বয়সী এই আন্দোলনকারী বলেন, “তার প্রতি আমার আস্থা আছে (জাতিকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে) কারণ একজন মুখ্যমন্ত্রী হয়েও তিনি চপ্পল পায়ে দেন। তিনি সরকারি বাংলো গ্রহণ করেননি। তার পিতার ছোট বাড়িতেই বসবাস করেন। তিনি খাদির তৈরি সাধারণ শাড়ি পরেন। গ্রামীণ জীবন পরিদর্শনে প্রতিদিন ৮-১০ কিলোমিটার হেঁটে বেড়ান। এ ধরনের মানুষই জাতির উন্নয়ন ঘটাতে পারেন।”
সাবেক সহযোগী কেজরিওয়ালের দিকে ইঙ্গিত করে বিদ্রুপের সুরে তিনি বলেন, “এ ধরনের অনেক লোক আছে, যারা বলে বাংলো নিবো না, গাড়ি নিবো না, তারপর সবই নেয়।”
মমতা ভারতের প্রধানমন্ত্রী হলে তিনি জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন বলে মনে করেন হাজারে।
তিনি বলেন, “প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আমি ১৭টি বিষয় উল্লেখ করে পাঠিয়েছিলাম। এই বিষয়গুলো বাস্তবায়ন করা গেলে জাতির ভালো পরিবর্তন হত। কিন্তু কেউ সাড়া দেয়নি। শুধু পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জি সাড়া দিয়েছেন। আমাদের এ ধরনের মানুষই প্রয়োজন।”
কেজরিওয়ালকে বিদ্রুপ করার কিছুক্ষণ পরই দুজনের দেখা হয়। ২০ মিনিটের এই সাক্ষাৎকে “সৌজন্যমূলক” বলে বর্ণনা করেছেন কেজরিওয়াল।
কেজিরিওয়াল ও তার অনুসারীদের রাজনৈতিক দল প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দুর্নীতি বিরোধী আন্দোলনের এই দুই মুখ্য ব্যক্তিত্বের মধ্যে দূরত্ব তৈরি হয়। দুর্নীতি বিরোধী আন্দোলন বরাবর অরাজনৈতিক থাকবে, এমন অবস্থান থেকে রাজনৈতিক দল গঠনের বিরোধীতা করেন হাজারে।
হাজারে জানিয়েছেন, শিগগিরই দেশব্যাপী সফরে বের হবেন তিনি। এ সফরের উদ্দেশ্যে হবে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য “ভালো চরিত্রের প্রার্থী খোঁজা ও তাদের সমর্থন করা”।
