২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসামরিক আফগান হত্যা বেড়েছে: জাতিসংঘ

আফগানিস্তানে যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যাও বেড়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 09:44 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে তার আগের বছরের তুলনায় সহিংসতায় হতাহতের সংখ্যা ১৪ শতাংশ বেড়েছে।

গত বছর দুই হাজার ৯৫৯ জন নিহত এবং পাঁচ হাজার ৬৫৬ জন আহত হয়েছেন। এর এক তৃতীয়াংশই হতাহত হয়েছে বিভিন্ন বিপণী বিতান, সরকারি স্থাপনা, রাস্তার পাশে ও অন্যান্য জনসমাগমস্থলে বোমা হামলায়।

ন্যাটো বাহিনী ও আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের পাল্টাপাল্টি  হামলায়ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছে।

তবে ক্ষয়ক্ষতির তিন চতুর্থাংশের জন্যই তালেবানের হামলাকে দায়ী করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে।

এতে বলা হয়, ২০০৯ সালের পর গত বছরই আফগানিস্তানে নারী ও শিশু হতাহতের সংখ্যা বেড়েছে।

সহিংসতায় হতাহতদের ২৭ শতাংশই নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সংঘর্ষের মাঝে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের বেশিরভাগই কোনো পক্ষের সঙ্গে যুক্ত নন।

জাতিসংঘ বলেছে, ২০১৩ সালে নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা বেড়ে যাওয়াটা আফগান যুদ্ধের ধরন বদলের ইঙ্গিত দিয়েছে।

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইয়ান কুবিশ বলেন, বেসামরিক আফগানদের রক্ষায় তালেবান নেতৃত্বকে শুধু বিবৃতি দিলেই চলবে না। তাদের বেসামরিকদের ওপর হামলা ও নির্বিচারে বোমা হামলা বন্ধ করতে হবে।

চলতি বছরের শেষদিকে আফগানিস্তান ছাড়ার প্রস্তুতি হিসেবে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করেছে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী।

বিদেশি সেনারা গত বছর শুধু যৌথ অভিযানে অংশ নিলেও হতাহতের তিন শতাংশই তাদের হাতে হয়েছে।