পরবর্তী শান্তি আলোচনায় যোগ দেবে সিরিয়া সরকার
সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফা শান্তি আলোচনায় যোগ দেবে সিরিয়া সরকার। রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ শুক্রবার রাষ্ট্রীয় টিভিতে বলেছেন, ১০ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় দ্বিতীয় দফা শান্তি আলোচনায় দামেস্ক অংশ নেবে।গত মাসের আলোচনায় সরকার এবং পশ্চিমা-সমর্থিত বিরোধীরা সহিংসতা কমানো এবং মানবিক ত্রাণ সরবরাহ সুগম করার ব্যাপারে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি। আর সরকারপক্ষও দ্বিতীয় দফা আলোচনায় বসার কোনো প্রতিশ্রুতি দেয়নি।কিন্তু শুক্রবার রাষ্টীয় সংবাদ সংস্থা সানা মেকদাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, সরকারি প্রতিনিধিদল দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেবে এবং জেনেভা ঘোষণাপত্র সম্পর্কে প্রতিটি ‘অনুচ্ছেদ’ ধরে ধরে আলোচনা করার দাবি জানাবে।২০১২ সালের জেনেভা সম্মেলনের ওই ঘোষণাপত্রে সহিংসতা অবসানের আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ এবং বিশ্বের শক্তিধর দেশগুলো এ ঘোষণাপত্রকেই সিরিয়া শান্তি আলোচনার ভিত্তি হিসাবে ধরে নিতে রাজি হয়েছে।সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের প্রতিনিধিরা ‘সন্ত্রাসবাদ’ বন্ধের বিষয়টিকে ভিত্তি করেই আলোচনা চালাতে চান। অন্যদিকে, বিদ্রোহীপক্ষের প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা করতে চান।
