২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কোরিয়ার পারিবারিক পুণর্মিলনী ফের হুমকিতে

যুদ্ধের মধ্য দিয়ে আলাদা হয়ে পড়া উত্তর ও দক্ষিণ কোরিয়ার পরিবারগুলোর স্বজনদের মধ্যে পুনর্মিলনীর উদ্যোগে সম্মতি দেয়ার একদিনের মাথায় আবার তা বাতিলের হুমকি দিয়েছে পিয়ংইয়ং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 07:10 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের জাতীয় প্রতিরক্ষা কমিশনের এক বিবৃতিতে বলা হয়, কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আয়োজন চলতে থাকলে তারা আটকে পড়া স্বজনদের মধ্যে পুণর্মিলনীর উদ্যোগটি পুনরায় ভেবে দেখবে।“সংলাপ আর যুদ্ধের মহড়া একসঙ্গে চলতে পারে না”। দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।রাষ্ট্রীয় বিধিনিষেধের কারণে সীমান্তের দুইপাশে বাস করা স্বজনদের মধ্যে যোগাযোগের সুযোগ খুবই কম। ২০১০ সালে এমন একটি পুণর্মিলনী উদ্যোগের মাধ্যমে সর্বশেষ দেখা করার সুযোগ হয়েছিল দুই কোরিয়ার নাগরিকদের ।নাগরিকদের মধ্যে ফোন, চিঠিপত্র বিনিময়, ইমেইল করাসহ সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছে দুই দেশের সরকার।একদিন আগে বুধবার দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠকে উত্তর কোরিয়ার আহ্বানে নতুন বছরের শুরুতে স্বজনদের পূণর্মিলনীর উদ্যোগ নেয়া হয়। ২০ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে উত্তর কোরিয়ার কুমগং অবকাশযাপন কেন্দ্রে এ পুনর্মিলনী হওয়ার কথা।উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশনের ওই বিবৃতিতে আরো বলা হয়, যে মুহূর্তে আমরা দুই দেশের বিচ্ছিন্ন হয়ে থাকা স্বজনদের মধ্যে পূণর্মিলনীর উদ্যোগ নিয়েছি, তখন পশ্চিম সাগরে বি-৫২ বোমারু বিমানগুলো আমাদের বিরুদ্ধে পারমাণবিক বোমা হামলার মহাড়ার প্রস্তুতি নিচ্ছে।”“যতদিন দক্ষিণ কোরিয়া আমাদের মর্যাদায় আঘাত করবে, সেনাবাহিনীকে অপমান করবে ততদিন আমরা তাদেরকে সহায়তা করতে পারি না। চুক্তি অনুসরণের বিষয়ে নতুন করে ভাবতে হবে আমাদেরকে।”গত সেপ্টেম্বরে এ ধরনের একটি উদ্যোগ নেয়া হলেও ‘দক্ষিণ কোরিয়া বৈরী আচরণ করছে’ অভিযোগ তুলে এ থেকে সরে আসে পিয়ংইয়ং।যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় বি-৫২ বোমারু বিমানের অংশগ্রহণ থাকবে বলে জানানো হয় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে বিবিস’র কাছে কোনো মন্তব্য করতে চায়নি।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের মহড়া কর্মসূচি অব্যাহত থাকবে।১৯৫০ সালে তিন বছরব্যাপী যুদ্ধের পর দুই কোরিয়া বিভক্ত হওয়ায় হাজার হাজার পরিবারের সদস্য দুই দেশে আলাদা হয়ে যায়। দুই দেশে অবস্থানের কারণে আত্মীয় হলেও তাদের সাক্ষাৎ হয়ে যায় বিরল।২০১০ সালে উত্তর কোরিয়ার দিক থেকে দক্ষিণের দিকে কামানের গোলা নিক্ষেপের পর সৃষ্ট উত্তেজনায় পূনর্মিলনী অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।উত্তর কোরিয়ায় থাকা স্বজনদের সঙ্গে দেখা করতে কমপক্ষে ৭২ হাজার দক্ষিণ কোরীয় অপেক্ষায় আছে বলে ধারণা করা হচ্ছে। তাদের অর্ধেকেরও বেশির বয়স ৮০ বছরের উপরে।তবে একবারে কিছুসংখ্যক লোক সাক্ষাতের সুযোগ পান। সীমান্তের অপর পাশে থাকা স্বজনরা বেঁচে আছেন কিনা তা জানেন না সাক্ষাতপ্রার্থীদের অনেকেই।