পাকিস্তান-তালেবান শান্তি আলোচনা শুরু
পাকিস্তান সরকারের সঙ্গে তালেবান-মনোনীত দল তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) দীর্ঘপ্রতিক্ষীত প্রথমদফা আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু হয়েছে ইসলামাবাদে।
সরকারপক্ষ ‘সর্বান্তকরনে’ আলোচনায় অংশ নিয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। সরকার আলোচনায় জঙ্গি তৎপরতা বন্ধ করাসহ ৫ টি শর্ত দিয়ে বলেছে, “শান্তির পথে যাত্রা শুরু হয়েছে”।
শর্তগুলো নিয়ে নেতাদের সঙ্গে আলোচনার জন্য দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে যেতে রাজি হয়েছে তালেবান আলোচকদল।
৪ ফেব্রুয়ারিতে এ আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়। সরকারপক্ষ তালেবানদেরকে তাদের আলোচক দল গঠনের বিষয়টি সম্পর্কে পরিষ্কার করে জানাতে বলায় আলোচনা শুরু হতে দেরী হল।
দশকব্যাপী জঙ্গি তৎপরতার অবসান ঘটাতে শান্তি আলোচনার জন্য একটি ‘রোডম্যাপ’ তৈরি শুরু করার কথা রয়েছে আলোচকদের ।
২০০৭ সাল থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহী লড়াই শুরু করে পাকিস্তান তালেবান নামে পরিচিত তেহরিক ই তালেবান (টিটিপি)।
একের পর এক তালেবান হামলার পর তালেবানের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ প্রথম গত সপ্তাহে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
পাকিস্তানে জানুয়ারিতে তালেবান হামলায় সেনাসহ ১শ’রও বেশি মানুষ মারা গেছে। ২০০৭ সালে টিটিপি’র লড়াই শুরুর পর থেকে হাজার হাজার মানুষ মারা গেছে।
সরকারপক্ষের প্রধান আলোচক ইরফান সিদ্দিক বলেছেন, সরকারি কমিটি খোলা মনে আলোচনায় অংশ নিচ্ছে। পাকিস্তান ট্রিবিউন এ প্রতিবেদন প্রকাশ করেছে।
সরকারি দলে সিদ্ধিকির সঙ্গে আরো আছেন এক প্রবীণ সাংবাদিক, সাবেক রাষ্ট্রদূত এবং গোয়েন্দা সংস্থা আইএসআই এর অবসরপ্রাপ্ত এক মেজর। অন্যদিকে, তিন সদস্যের টিটিপি আলোচক দলে আছে তালেবানের জনক বলে পরিচিত মৌলানা সামি উল হক, ইসলামাবাদের লাল মসজিদের প্রধান ধর্মগুরু এবং জামাত-ই-ইসলামির একজন সদস্য।
গত মে মাসে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সহিংসতা নিয়ন্ত্রণে আনতে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হন। তবে অনেকেই তার সরকারের বিরুদ্ধে জঙ্গিদের সঙ্গে লড়ার ব্যাপারে কৌশলের অভাব আছে বলে সমালোচনা করে।
এরপর সম্প্রতি শরীফ শান্তিপূর্ণভাবে তালেবান তৎপরতার অবসান ঘটাতে চান বলে জানান। তবে আলোচনা ব্যর্থ হলে কঠোর সামরিক পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দেন তিনি।
সংবাদদাতারা বলছেন, সরকারের সঙ্গে এ আলোচনা চলার সময়টিতে তালেবানরা আরো শক্তি সঞ্চয় করা এবং সুগঠিত হওয়ার সুযোগ পাবে। তালেবানদেরকে এর আগে আলোচনার বসানোর সরকারের চেষ্টা ব্যর্থ হয়েছে।
