‘জব্দ হচ্ছে হাক্কানি জঙ্গিদের সম্পদ’
পাকিস্তানের উগ্রপন্থী গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের তিন সন্দেহভাজন জঙ্গির সম্পদ জব্দ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটির কংগ্রেসের চাপে এই পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন।
বুধবার এক বিবৃতিতে প্রশাসনের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয়।বিবৃতিতে বলা হয়, “আফগানিস্তানে সহিংসতা উস্কে দেয়ার কারণে সাইদুল্লাহ জান, ইয়াহিয়া হাক্কানি এবং মুহাম্মদ ওমর জাদরানকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে।”বিবৃতিতে যুক্তরাষ্ট্র অর্থমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিড কোহেন বলেন, “হাক্কানির প্রতি যে কোনো ধরনের সমর্থনকে ধারাবাহিকভাবে লক্ষ্যস্থল করার আমাদের সিদ্ধান্তেরই বহিঃপ্রকাশ আজকের পদক্ষেপ।”এই ঘোষণার ফলে আইনানুযায়ী যুক্তরাষ্ট্র প্রশাসনের আওতায় এই তিনব্যক্তির যত সম্পদ আছে তা জব্দ করা হবে। এই তিন ব্যক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকরাও কোনো ধরনের লেনদেন বা ব্যবসা-বাণিজ্য করতে পারবে না।কয়েক বছর ধরে হাক্কানি নেটওয়ার্ককে দমন করার চেষ্টা করে আসছে ওবামা প্রশাসন। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা স্বার্থের ওপর অনেকগুলো বেপরোয়া ও আলোচিত হামলার জন্য গোষ্ঠীটিকে দায়ী করেছে তারা।আফগান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকায় গোষ্ঠীটির মূল ঘাঁটি বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বিশ্বাস।আফগান তালেবানের সঙ্গে সম্পর্ক থাকার কারণেও মুহম্মদ ওমর জারদানের নাম তালিকাভুক্ত করা হয়েছে।২০১১ সালে যুক্তরাষ্ট্রের সাবেক সেনাপ্রধান মাইক মুলেন, হাক্কানি নেটওয়ার্ককে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর “দক্ষিণ হাত” বলে উল্লেখ করেন। এরপর ২০১২’র সেপ্টেম্বরে গোষ্ঠীটিকে “বিদেশি সন্ত্রাসী সংগঠন” হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
