স্কটল্যান্ডে স্বীকৃতি পাচ্ছে সমলিঙ্গের বিয়ে
বিশ্বের ১৭তম দেশ হিসেবে সমলিঙ্গের বিয়েকে স্বীকৃতি দিতে যাচ্ছে স্কটল্যান্ড। প্রধান গির্জার বিরোধিতার পরও দেশটির আইনপ্রণেতারা এটি বৈধ করার পক্ষে ব্যাপক সমর্থন জানান।
মঙ্গলবার এ বিষয়ে স্কটল্যান্ডের পার্লামেন্টে একটি ভোটাভুটি অনুষ্ঠিত হয় যাতে প্রস্তাবের পক্ষে ১০৫ ভোট এবং বিপক্ষে ১৮ ভোট পড়ে।এই ফলাফলকে স্বাগত জানিয়ে স্কটিশ সরকার বলেছে, সমলিঙ্গের বিয়ে প্রস্তাব পাস হওয়া সমঅধিকারের পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।স্কটিশ ক্যাথলিক গির্জা ও স্কটল্যান্ডের প্রেসবাইটেরিয়ান গির্জা প্রস্তাবটির বিরোধিতা করেছে।তবে প্রস্তাবিত আইনে এ ধরনের বিয়ের অনুষ্ঠান ধর্মীয় প্রাঙ্গণে করার বাধ্যবাধকতা রাখা হয়নি।এক বিবৃতিতে স্কটল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স নেইল বলেছেন, “মুক্তভাবে নিজেদের ভালবাসার প্রকাশ ও বিয়ে করার মাধ্যমে পরস্পরের সঙ্গে আবদ্ধ থাকার বিষয়টি সমলৈঙ্গিক জুটিদের অধিকার।”“বৈবাহিক সম্পর্কটি ভালবাসার সম্পর্ক, আর এই বিষয়টিই সবসময় এই সম্পর্কের মুখ্য বিষয়,” বলেন তিনি।সমলিঙ্গ অধিকার বিষয়ে আন্দোলনকারীরা ভোটের এই ফলাফলকে স্বাগত জানিয়ে একে সমকামীদের অধিকারের ক্ষেত্রে একটি মাইলফলক বলে অভিহিত করেছেন।বর্তমানে স্কটল্যান্ডে সমলিঙ্গ বিবাহ আইনত বৈধ না হলেও এ ধরনের জুটিরা সামাজিক অংশীদারিত্বের মাধ্যমে একসঙ্গে বসবাস করতে পারেন।স্কটল্যান্ড এখনো গ্রেট ব্রিটেনের অংশ হলেও আসছে সেপ্টেম্বরে গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে দেশটির ভবিষ্যৎ। গণভোটে স্বাধীনতার পক্ষে রায় আসলে ব্রিটেন থেকে বের হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে স্কটল্যান্ড।২০১৩ সালেই এ ধরনের একটি প্রস্তাব পাশ করে সমলিঙ্গের বিয়ে বৈধ করেছে ব্রিটিশ পার্লামেন্ট। আসছে ২৯ মার্চ থেকে ইংল্যান্ড ও ওয়েলসে আনুষ্ঠানিকভাবে এ ধরনের বিয়ে শুরু হতে যাচ্ছে।
