পদ্য-গদ্যের বিতর্ক গড়াল খুনে!
মদ ও সাহিত্য আলোচনা একযোগে চললে কখনো কখনো সেটি ‘প্রাণঘাতী’ হয়ে উঠতে পারে। রাশিয়ায় পদ্য-গদ্য নিয়ে বিতর্কের জেরে ছুরিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর ঘটনা এমনটাই ভাবাচ্ছে।
পদ্য না গদ্য, কোনটি উচ্চতম স্থানে- মদ্যপ অবস্থায় এই নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে রাশিয়ার সাবেক এক স্কুলশিক্ষক ছুরি দিয়ে খুন করে বসেন তার এক বন্ধুকে।সেরদলভস্ক অঞ্চলের তদন্ত কর্মকর্তারা বুধবার এ তথ্য জানান।প্রাদেশিক তদন্ত কমিটির আঞ্চলিক ব্রাঞ্চের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “সাহিত্যানুরাগ নিয়ে বিতর্ক দ্রুতই গতানুগতিক দ্বন্দ্বে পরিণত হয়। এর জের ধরে ৫৩ বছর বয়সী পদ্যানুরাগী একটি ছুরি দিয়ে তার বিরোধীকে (গদ্যানুরাগী) হত্যা করে।“চলতি বছরের ২০ জানুয়ারি ইরবিত শহরে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স ৬৭ বছর। উভয়ের বাড়িই এই শহরে।হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত ব্যক্তি তার বাড়ি থেকে পালিয়ে পাশের গ্রামে তার অন্য এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।চার মাস আগে প্রায় একই ধরনের একটি ঘটনায় একটি মুদি দোকানে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছিলেন। সেবার অষ্টাদশ শতকের জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের থিওরি নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল।
