পরমাণু চুক্তি সম্ভব ছয় মাসেই: ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ বলেছেন, সদিচ্ছা থাকলে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয়মাসেই ছয় বিশ্বশক্তির সঙ্গে চূড়ান্ত চুক্তি হওয়া সম্ভব।
মার্কিন কংগ্রেস নতুন নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে- এ বিষয়টি নিয়েও তিনি উদ্বিগ্ন নন বলে জানান।ইরানের সঙ্গে আলোচনায় হুমকি হয়ে দাঁড়ায় এমন যে কোনো আইনেই ভেটো দেয়ার কথা গত সপ্তাহের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।স্থায়ী চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যৌথভাবে এনেছিল মার্কিন সিনেটররা এবং ওবামার কয়েকজন সহযোগী।কিন্তু বিলটি আইনে পরিণত হলে ইরান আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়। ফলে বিলটি এখন সিনেটে আটকে আছে।বৈদেশিক সম্পর্ক বিষয়ক জার্মান কাউন্সিলে এক ভাষণে জারিফ বলেন, “সদিচ্ছা থাকলে আমরা ছয়মাসেই চুক্তিতে পৌঁছতে পারি। আমি মার্কিন কংগ্রেসের কোনো সিদ্ধান্তকে ভয় পাই না... যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এতে ভেটো দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন”।ইরান নভেম্বরে কিছু নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে প্রাথমিক চুক্তিতে পৌঁছে। এরপর চূড়ান্ত একটি চুক্তি করা নিয়ে ১৮ ফেব্রুয়ারিতে ভিয়েনায় আলোচনা শুরু হয়।পশ্চিমা বিশ্বের সন্দেহ ইরান পারমাণবিক কর্মসূচির আড়ালে পারমাণবিক বোমা বানাচ্ছে। কিন্তু ইরান তাদের এ কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে।
