প্রধানমন্ত্রীকে উৎখাতের অঙ্গীকার থাই বিক্ষোভকারীদের
থাইল্যান্ডে একতরফা পার্লামেন্ট নির্বাচনে বাধা-বিঘ্নের মধ্য দিয়ে ভোট গ্রহণের পর বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে উৎখাতের অঙ্গীকার করেছে।
দেশের এক পঞ্চমাংশ ভোট কেন্দ্রেই বিক্ষোভকারীরা ব্যালট বাস্ক আটকে দেয় এবং ইংলাককে পদত্যাগ করতে হবে বলে জানিয়ে দেয় এবং রাজনৈতিক ব্যবস্থা পাল্টে দেয়ার জন্য একটি ‘গণপরিষদ’ গঠনের পথ প্রশস্ত করে দেয়ার দাবি জানায়।রোববারের নির্বাচনে ইংলাকের আবারো ক্ষমতায় আসাটা একরকম নিশ্চিত। দেশের উত্তর ও উত্তরপূর্বে শান্তিপূর্ণভাবে ভোট হওয়ায় ইংলাকের সমর্থকরা আইনগত ম্যান্ডেট দাবি করবে এতে কোনো সন্দেহ নেই।ধস্তাধস্তির কয়েকটি ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণই ছিল। তবে বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে দক্ষিণাঞ্চলের ৯ টি প্রদেশে কোন ভোট হয়নি। এমনকি রাজধানী ব্যাংককেরও মোট ৬ হাজার ৬৭১ টি ভোটকেন্দ্রের ৪৩৮ টি কেন্দ্রে ভোট ব্যাহত করে আন্দোলনকারীরা।এতে করে পার্লামেন্টের খালি আসনগুলো পূরণ হতে লেগে যেতে পারে কয়েক সপ্তাহ। ফলে ইংলাককে তত্ত্বাবধায়ক থেকে যেতে হতে পারে।বিক্ষোভকারীদের নেতা সুদেপ থাকসুবান সোমবার ব্যাংককের সেন্ট্রাল পার্ক অভিমুখে তার সমর্থদের নিয়ে মিছিল করবেন বলে জানিয়েছেন। নভেম্বরে শুরু হওয়া বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।প্রধানমন্ত্রী ইংলাকের পদত্যাগের দাবিতে নভেম্বর থেকে থাইল্যান্ডে বিক্ষোভ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন তিনি।আন্দোলনকারীদের অভিযোগ, ইংলাক তার ভাই ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ পরিচালনা করছেন।
থাইল্যান্ডে ৯ প্রদেশে ভোট স্থগিত
