২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে বিবাদে যুক্তরাষ্ট্র-ইইউ

ইউক্রেনের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে মিউনিখ সম্মেলনে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 01:40 AM

Updated : 01 Sep 2026, 12:21 PM

গত নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে না গিয়ে রাশিয়ার কাছ থেকে দেড় হাজার কোটি ডলার ঋণ নেয়ার পর থেকে ইউক্রেনে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। সম্প্রতি বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করে সংসদে একটি আইন পাশ হওয়ার পর সরকার পতনের আন্দোলন শুরু করে বিরোধীরা।

এরইমধ্যে পুলিশের গুলিতে কয়েকজন নিহত হয়েছেন। বিক্ষোভকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সরকারি স্থাপনা।

শনিবার জার্মানির মিউনিখ শহরে শুরু হওয়া সম্মেলনে ইউক্রেনের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ উঠে আসে। বার্ষিক ওই সম্মেলনে বিশ্ব রাজনীতি ও সামরিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়ে থাকে।

সম্মেলনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হারমান ভান রমপুই, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেন পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।

হারমান বলেন, ইউক্রেনের ভবিষ্যত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কিত।

আর ইউক্রেনে চলমান গণতান্ত্রিক আন্দোলনে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যারা ইউক্রেনের সহিংস বিক্ষোভের পক্ষে কথা বলছেন তারা দ্বৈতনীতি অবলম্বন করছেন।

সম্মেলনের শুরুতে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হারমান ইউক্রেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে ইউরোপীয় ইউনিয়নের সদিচ্ছা তুলে ধরেন।

তিনি বলেন, “ওই প্রস্তাব এখনো বহাল রয়েছে, সময়ও আমাদের অনুকূলে। ইউক্রেনের ভবিষ্যত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কিত।”

মধ্য ও পূর্ব ইউরোপ এবং বলকানের বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ তুলে একে ‘বিরক্তিকর প্রবণতা’ বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

তিনি বলেন, দুর্নীতি ও গোষ্ঠী স্বার্থের বিরুদ্ধে জনগণ আবার রুখে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক অধিকারের জন্য ইউক্রেনের মতো এরকম আন্দোলন ইউরোপের আর কোথাও নেই। ইউক্রেনের চেয়ে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যত (গণতান্ত্রিক ব্যবস্থা) বেশি গুরুত্বপূর্ণ। ইউক্রেনের জনগণের সেই আন্দোলনের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র ও ইইউ।

তিনি আরো বলেন, “ইউক্রেনের বিপুল সংখ্যক মানুষ একটি সমৃদ্ধ দেশে স্বাধীনভাবে বসবাস করতে চায়। যারা তাদের মনোভাবকে মূল্যায়ন করতে চায় তাদের সঙ্গে সম্পর্ক তৈরির অধিকার পেতে তারা আন্দোলন করছে।”

রাশিয়ার দিকে ইঙ্গিত করে কেরি বলেন, তাদের ভবিষ্যত একটি মাত্র দেশের ওপর নির্ভর করে থাকতে পারে না। তারা কোণঠাসা হয়ে থাকতে পারে না।

এর জবাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, “ইউক্রেনের জনগণের ওপর একটি বিষয় চাপিয়ে দেয়া হচ্ছে এবং রাশিয়া এর সঙ্গে যুক্ত নয়।”

“রাজপথে বিক্ষোভ উস্কে দিয়ে কী ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়? যারা সরকারি ভবন দখল করে, পুলিশের ওপর আক্রমণ করে, বর্ণবাদী-ন্যাৎসিবাদী শ্লোগান দেয় তাদের অপরাধের দিকে আমরা কেন কান দেই না,” প্রশ্ন করেন তিনি।

নিজেদের দেশে আইন ভঙ্গকারীদের শাস্তি দিলেও ইউরোপের অনেক নেতা কেন ইউক্রেনের সহিংসতাকারীদের মদদ দেন, সেই প্রশ্নও তোলেন ল্যাভরভ।

রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, ইউক্রেন নিয়ে জন কেরিরও সমালোচনা করেছেন ল্যাভরভ।

‘ইউক্রেনের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কার সঙ্গ নেবে, পুরো বিশ্বের সঙ্গে নাকি একটি দেশের সঙ্গে’- কেরির এ বক্তব্যের সমালোচনা করে ল্যাভরভ বলেন, “দীর্ঘ অভিজ্ঞতা, সুস্থ মানসিকতা নিয়ে কেরিও কি এ ধরনের অপপ্রচারে যুক্ত হচ্ছেন বলে আমি মনে করবো?”