২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তোপের মুখে কেজরিওয়াল

দলীয় জনসভায় ভারতের কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী ও শীর্ষ কয়েক নেতাকে ‘দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ হিসেবে অভিহিত করে তোপের মুখে পড়েছেন আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 07:45 PM

Updated : 13 Oct 2022, 11:47 AM

দুর্নীতির প্রমাণ দিতে কেজরিওয়ালকে দুই দিনের সময় বেধে দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী কাপিল শিবাল বলেছেন, দুর্নীতির প্রমাণ দিতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেয়ার পাশাপাশি রাজনীতি থেকেও বিদায় নেবেন তিনি। আর তা না পারলে কেজরিওয়ালকে অবশ্যই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে।

প্রধানমন্ত্রী মনমোহন সিং নেতৃত্বাধীন সরকারের আইন ও বিচার এবং যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন শিবাল।

একই ঘটনায় কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন এক মন্ত্রী ও বিরোধী দল বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা।

এনডিটিভি জানায়, লোকসভা নির্বাচন সামনে রেখে শুক্রবার নয়া দিল্লিতে আম আদমি পার্টির এক জনসভায় ‘ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতা’ হিসেবে ক্ষমতাসীন কংগ্রেস ও বিরোধী দল বিজেপির শীর্ষ পর্যায়ের কয়েক নেতার নাম ঘোষণা করেন।

তার তালিকায় কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী কমল নাথ, ফারুক আব্দুল্লাহ ও পি চিদাম্বরমের  নাম রয়েছে। প্রধান বিরোধী দল বিজেপির সাবেক সভাপতি নিতিন গাডকারির নামও ঘোষণা করেন কেজরিওয়াল।

এর প্রতিক্রিয়ায় শনিবার কপিল শিবাল বলেন, “মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা একজন ব্যক্তির কাছ থেকে এ ধরনের অভিযোগ শুনে আমি বিস্মিত হয়েছি। আমি তাকে দুই দিন সময় দিচ্ছি। তিনি যদি আমার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে আমি পদত্যাগ করব, রাজনীতি ছেড়ে দেব। আর না পারলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।”

দুর্নীতিবিরোধী শ্লোগান নিয়ে আকস্মিক রাজনীতির মাঠে নেমে এক বছরের মাথায় দিল্লির ক্ষমতায় আসা কেজরিওয়ালকে রাজনীতিতে একজন ‘চালবাজ’ বলে আখ্যায়িত করেন ক্ষমতাসীন কংগ্রেসের এই প্রবীণ নেতা।

এদিকে দুর্নীতির অভিযোগ তেলার  জন্য ক্ষমা না চাইলে কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন কেন্দ্রীয় সরকারের নৌপরিবহনমন্ত্রী জিকে ভাসান এবং বিজেপি নেতা গাডকারি।

শুক্রবারের ওই জনসভায় ‘দুর্নীতিগ্রস্ত’ নেতাদের তালিকা প্রকাশ করে আসন্ন জাতীয় নির্বাচনে তাদের বিরুদ্ধে প্রার্থী দেয়ার ঘোষণা দেন কেজরিওয়াল।

লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে ৩৫০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি।