লিবিয়ায় খসড়া সংবিধানের জন্য ভোট ২০ ফেব্রুয়ারি
রাজনৈতিক অচলাবস্থা ভেঙ্গে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার পরিকল্পনার অংশ হিসেবে খসড়া সংবিধান প্রস্তুতের জন্য গণপরিষদ নির্বাচন করতে ২০ ফেব্রুয়ারি ভোটের আয়োজন করবে লিবিয়া।
দুই বছর আগে ন্যাটো সমর্থিত বাহিনীর সহায়তায় দেশটির সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে এই অচলাবস্থার সৃষ্টি হয়।ইসলামপন্থী দল ও একটি নেতৃস্থানীয় জাতীয়তাবাদী দলের মধ্যে রাজনৈতিক সংকট দেখা দিলে উত্তর আফ্রিকার দেশটিতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।এছাড়া দেশটির সেনাবাহিনী অবাধ্য সাবেক বিদ্রোহী, উপজাতি ও ইসলামপন্থী জঙ্গিদের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে রীতিমত হিমশিম খাচ্ছে।কংগ্রেসে গণপরিষদ নির্বাচনের জন্য ভোটের সিদ্ধান্ত গ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে বেনগাজিতে লিবিয়ার বিশেষ বাহিনীর কমান্ডারের ছেলেকে বন্দুকধারীরা অপহরণ করে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এলএএনএ জানায়, পরে ছেলেকে মুক্ত করতে বন্দুকধারীদের চাহিদা অনুযায়ী ওই কমান্ডার তার সেনা প্রত্যাহার করে নেন।বৃহস্পতিবার ভোটের তারিখ ঘোষণার পর জেনারেল ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট নুরি আবুসাহমেইন বলেন, “আমরা চাই লিবিয়ার সব মানুষ ও দল এই নির্বাচনকে সমর্থন করবে এবং নিজেদের মধ্যে সমস্যা কাটিয়ে উঠবে।“৬০ সদস্যের গণপরিষদ নির্বাচিত হয়ে গেলে তারা ১২০ দিনের মধ্যে একটি নতুন খসড়া সংবিধান প্রস্তুত করবে। পরে সেটি আস্থা ভোটের জন্য উপস্থাপন করা হবে।যদি ওই প্রস্তাবটি আস্থা ভোটে জয়লাভ করে তবে একটি পূর্ণাঙ্গ সংসদের জন্য ২০১৪ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পরে।কিন্তু খসড়া সংবিধান প্রস্তুত প্রক্রিয়াটি উপজাতি, আঞ্চলিক ও ঐতিহ্য ধরে রাখতে আগ্রহী দলের বিভিন্ন চাহিদার কারণে জটিলতার মুখে পড়তে পারে।বিভিন্ন দলের মধ্যে চলমান যুদ্ধের কারণে এরই মধ্যে খসড়া সংবিধান প্রস্তুত প্রক্রিয়া কয়েক দফা পিছিয়েছে।
