সিরিয়া শান্তি আলোচনায় ‘বরফ গলছে’
জেনেভায় সিরিয়া শান্তি আলোচনায় ‘বরফ ধীরে ধীরে গলছে’ বলে মন্তব্য করেছেন দু’পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী জাতিসংঘ দূত লাখদার ব্রাহিমি।
যদিও প্রথম দফা আলোচনা থেকেই প্রকৃতপক্ষে কোনো কিছু অর্জন হবে বলে আশা করছেন না তিনি।
তারপরও আলোচনা নিয়ে ‘হতাশ নন’ বলেই মন্তব্য করেছেন ব্রাহিমি। সাংবাদিকদের তিনি বলেন, “দুপক্ষের (সিরিয়া সরকার ও বিরোধীপক্ষ) মধ্যে এখনো অনেক ব্যবধান। কিন্তু তাদের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার সদিচ্ছা আছে”।
সিরিয়ায় ক্ষমতা হস্তান্তরের বিষয়টিই শান্তি আলোচনার অগ্রগতিতে বড় ধরনের বাধা হয়ে আছে বলে জানান ব্রাহিমি। তবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র তাদের ওপর প্রভাব খাটিয়ে ব্যবধান কমিয়ে আনতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সিরিয়া সরকার অবরুদ্ধ হোমস শহরে ত্রাণবহর ঢুকতে দেয়ার বিষয়টি নিয়ে এখনো জাতিসংঘের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানান ব্রাহিমি।
তিনি আরো জানান, দ্বিতীয় দফা আলোচনার সময়সূচি নির্ধারণ করা হবে শুক্রবার। প্রথম দফা আলোচনা ওই দিনই শেষ হওয়ার কথা রয়েছে।
দ্বিতীয় দফা আলোচনা আরো বেশি ‘পরিকল্পিত এবং ফলপ্রসূ’ হবে বলে ব্রাহিমি আশাবাদী।
বুধবার সকালের শান্তি আলোচনা প্রথম ইতিবাচক মোড় নেয়ার কথা এরই মধ্যে সাংবাদিকদের জানিয়েছেন সিরিয়ার সরকারবিরোধী পক্ষের মুখপাত্র লৌউয়া আল-সাফি।
সিরিয়ায় সংঘাতের অবসান ঘটাতে ২০১২ সালের জেনেভা সম্মেলনের ঘোষণাপত্র নিয়ে আলোচনা করতে এদিন রাজি হয়েছে সরকার এবং বিরোধী পক্ষ। এ ঘোষণাপত্রকে ভিত্তি ধরেই বুধবার আলোচনা চালিয়ে যাওয়ার সদিচ্ছা প্রকাশ করেছে তারা।
ঘোষণাপত্রটিতে অন্তর্বর্তী একটি সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে। বিরোধীরা এ বিষয়টিকে কেন্দ্র করেই আলোচনা শুরু করতে চায়। কিন্তু সরকারপক্ষ প্রথমেই সন্ত্রাস বন্ধ করা নিয়ে আলোচনা করতে চায়।
