২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেন ‘গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে’

ইউক্রেনের স্বাধীনতা-পরবর্তী প্রথম প্রেসিডেন্ট লিওনিদ ক্রাভচুক সতর্ক করে দিয়ে বলেছেন, দেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 06:16 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

১৯৯১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ছিলেন লিওনিদ। বুধবার তিনি পার্লামেন্টে দেশের পরিস্থিতি নিয়ে ওই হুঁশিয়ারি দেন।লিওনিদ বলেন, “গোটা বিশ্ব এবং ইউক্রেনও এটি স্বীকার করে যে, দেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে”।বিক্ষোভকারীদের জন্য ক্ষমার প্রস্তাব নিয়ে পার্লামেন্টে বিতর্কের সূচনা করে সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ এ এক বিপ্লব। এক নাটকীয় পরিস্থিতি। এ অবস্থায় আমাদেরকে অবশ্যই সবচেয়ে বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে”।ইউক্রেনেরে বর্তমান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ বিক্ষোভকারীদের জন্য কোনোরকম ক্ষমা ঘোষণার আগে তাদেরকে বিভিন্ন সরকারি ভবন থেকে সরে যাওয়ার শর্ত দিয়েছেন।কিন্তু বিক্ষোভকারীরা এ পর্যন্ত তা মানতে অস্বীকৃতি জানিয়ে এসেছে এবং আগাম নির্বাচন দাবি করেছে।কয়েকমাসের বিক্ষোভের পর মঙ্গলবার দেশে অস্থিরতা অবসানের চেষ্টায় প্রধানমন্ত্রী মাইকোলা আজারভ ও তার মন্ত্রিসভা পদত্যাগ করেছে। বিক্ষোভ-বিরোধী কঠোর আইনও বাতিল করেছে পার্লামেন্ট।পার্লামেন্টে বিপুল করতালির মধ্য দিয়ে আবেগঘন এক বক্তৃতায় সাবেক প্রেসিডেন্ট লিওনিদ বলেন, “আমাদেরকে বিবাদমান পক্ষগুলোর মধ্যকার সংঘাত নিরসন করতে হবে এবং সঙ্কট সমাধানে একটি পরিকল্পনার ব্যাপারে সমঝোতায় পৌঁছতে হবে। সংঘাত কমাতে আমাদেরকে এ পরিকল্পনা নিয়ে ধাপে ধাপে কাজ করে যেতে হবে”।ইউক্রেন সরকার রাশিয়ার পক্ষ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর না করায় গত নভেম্বরে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। রাজধানী কিয়েভে চলতি সপ্তাহজুড়ে চলা সহিংস বিক্ষোভে হতাহতের ঘটনা ঘটেছে।

চলতি বিক্ষোভটি শুরু হয় রাজপথে আন্দোলন বিক্ষোভ নিষিদ্ধ করে সরকারের আইন পাস করাকে কেন্দ্র করে। ইউক্রেন সরকারের এধরনের পদক্ষেপের নিন্দা জানায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

অস্থিরতার অবসান ঘটানোর চেষ্টায় প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ বিরোধীদের সঙ্গে আলোচনায় বসেন এবং তাদেরকে সরকারের শীর্ষ পদে আসীন হওয়ার প্রস্তাব দেন।

কিন্তু বিরোধী নেতারা সে প্রস্তাব ফিরিয়ে দেয়ায় ব্যর্থ হয় সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা। এরপরই প্রধানমন্ত্রী পদত্যাগ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা নেন।

ইউক্রেনে প্রধানমন্ত্রীর পদত্যাগ