মিশরে জেনারেল নিহত
মিশরে ইসলামি জঙ্গিদের গুলিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তা সামরিক বাহিনীর একজন জেনারেল। তার নাম, মোহামেদ সাইদ।
মঙ্গলবার কায়রোয় এই ঘটনা ঘটে।
বন্দুকধারীরা মটরসাইকেলে চড়ে এসে এই হামলা চালায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রযুক্তি বিষয়ক দপ্তরের প্রধান কর্মকর্তা জেনারেল মুহামেদ সাইদ গাড়ির ভেতরে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন। গুলি করে বন্দুকধারীরা নির্বিঘ্নেই চলে যায়।
মোহামেদ সাইদ ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহামেদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী।
এই হামলা দেশটির সেনাসমর্তিত অন্তর্বর্তীকালীন সরকারের ওপর এটা সর্বসাম্প্রতিক আঘাত।
আল কায়েদা প্রভাবিত সিনাইভিত্তিক জঙ্গিগোষ্ঠী আনসার বাইত আল-মাগদিস এই হামলার দায় স্বীকার করেছে। সাইদকে তারা ‘ধর্মত্যাগী অপরাধী’ হিসেবে উল্লেখ করেছে।
সাইদকে হত্যা ছাড়াও এইদিন বন্দুকধারীদের গুলিতে একজন পুলিশ নিহত হয়েছেন বলে নিরাপত্তাসূত্র জানিয়েছে। ওই পুলিশ কায়রোর পশ্চিমাঞ্চলীয় অক্টোবর সিক্স শহরের একটি চার্চ পাহারায় নিয়োজিত ছিলেন।
মিশরে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে ২০১৩ সালের জুলাইয়ে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে এ ধরনের চোরাগোপ্তা হামলায় হত্যাকাণ্ড বেড়ে গেছে।
