‘সুপারম্যান’ পোপ
রোমের এক দেয়ালে আঁকা গ্রাফিতিতে পোপ ফ্রান্সিস আবির্ভূত হয়েছেন ‘সুপারম্যান’- এর সাজে, যে ছবি টুইটারে প্রকাশ করেছে খোদ ভ্যাটিকান।
হাফিংটন পোস্টের এক খবরে বলা হয়, ক্যাথলিক চার্চের বিশ্ব নেতাকে নিয়ে আঁকা ওই দেয়ালচিত্র ইতোমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও আলোচনায় এসেছে।
ছবিতে পোপ ফ্রান্সিসকে দেখা যায় সাদা আলখেল্লা উড়িয়ে সুপারম্যানের ঢঙেই উড়ে যাচ্ছেন। মুখে তার স্মীত হাসি, গলায় ঝোলানো ক্রসটিও যেন উড়ছে। সামনে এগিয়ে রাখা একটি হাত মুষ্টিবদ্ধ। আর অন্য হাতে ধরা পোপের সেই বিখ্যাত কালো ব্যাগ, যাতে স্প্যানিশ ভাষায় সাদা অক্ষরে লেখা ‘ভ্যালুজ’।
ছবিটি প্রকাশ করে ভ্যাটিকানের জনসংযোগ কর্তৃপক্ষ এক টুইটে লিখেছে, “ভ্যাটিকানের পাশে রোমের রাস্তার এই গ্রাফিতির ছবি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি।”
২০১৩ সালের মার্চে ভ্যাটিকানের রোমান ক্যাথলিক চার্চের পোপ নির্বাচিত হন আর্জেন্টিনার নাগরিক জর্জ মারিও বেরগোলিও। পোপ হিসেবে তার নতুন নাম হয় ‘ফ্রান্সিস’।
ক্ষমতায় এসেই চার্চের নিয়ম কানুনে বেশ কিছু সংস্কার আনেন নতুন পোপ, যার মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিষয়টি অন্যতম। বিশ্বায়ন ও আধুনিক প্রযুক্তি নিয়ে তার উদার মন্তব্যও মনোযোগ কেড়েছে সবার।
ক্যাথলিক চার্চের বিশ্ব যোগাযোগ দিবসে প্রকাশিত এক বিবৃতিতে ইন্টারনেটকে তিনি উল্লেখ করেন মানুষের জন্য ‘ঈশ্বরের দান’ হিসাবে।
পরকালে নাস্তিকদের জন্যও স্বর্গের দ্বার খোলা রয়েছে বলে এর আগে মন্তব্য করেছিলেন তিনি। ভ্যাটিকানের রীতি ভেঙ্গে এক অনুষ্ঠানে দুই নারীর পা ধুয়ে দিয়েও তিনি গণমাধ্যমের শিরোনাম হন।
ইন্টারনেট ঈশ্বরের দান: পোপ ফ্রান্সিস
