২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই মানবপাচার শিবির থেকে ৫৩১ রোহিঙ্গা উদ্ধার

থাইল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলের একটি মানবপাচার শিবির থেকে ৫ শতাধিক রোহিঙ্গা মুসলিমকে উদ্ধার করেছে পুলিশ।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 01:21 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

দেশটির দক্ষিণাঞ্চলে মালয়েশিয়ার সীমান্তবর্তী একটি রাবার খামার থেকে তাদের উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

উদ্ধারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশুও রয়েছে।

রোববার দক্ষিণাঞ্চলীয় সঙ্খলা প্রদেশের সাদাও শহরের কাছাকাছি ওই খামারটিতে অভিযান চালিয়ে পুলিশ ৫৩১ জনকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নিয়েছে।

এটি মানব পাচারের একটি প্রতিষ্ঠিত রুট হিসেবে পরিচিত।

থাইল্যান্ডের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পাচারের উদ্দেশে এখানে নিয়ে আসা রোহিঙ্গারা তীব্র খাদ্য সংকটে ভুগছিলেন। ফলে তারা ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন।

মালয়েশিয়ায় উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে মানব পাচারকারীরা তাদের এই শিবিরে নিয়ে আসে। এটির পাহারায় থাকা ৩জন থাই ব্যক্তিও পুলিশ আটক করেছে।

উদ্ধার রোহিঙ্গা পুরুষদের কারাগারে আর নারী ও শিশুদের স্থানীয় আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রয়্যাল থাই পুলিশের ডেপুটি কমিশনার জেনারেল চাতচাওয়াল।

২০১৩ সালে থাইল্যান্ডে রোহিঙ্গা মুসলিমদের পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ২ জন ছিলেন থাই সরকারের কর্মকর্তা। তবে এখনো পর্যন্ত তাদের কারোরই বিচার হয়নি।

মিয়ানমারের রাখাইন প্রদেশের মুসলিম জনগোষ্ঠী জাতিগত ও সাম্প্রদায়িক সহিংসতার শিকার। সরকারও এই নিপীড়নে প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন যুগিয়ে যাচ্ছে।

প্রদেশটির প্রায় ৮ লাখ রোহিঙ্গা মুসলিমকে নিজেদের নাগরিক বলে স্বীকার করে না মিয়ানমার সরকার। বিভিন্ন অজুহাতে ও উগ্রপন্থী বৌদ্ধদের উস্কানিতে প্রায়ই রোহিঙ্গাদের ওপর হামলা ও নির্যাতন চালানো হয়।

আর এসব কারণে জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে থাকার জন্য রোহিঙ্গারা থাইল্যান্ড-মালয়েশিয়া-বাংলাদেশসহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই অবৈধ পথে পাড়ি দিতে গিয়ে তারা মারা পড়ছে নয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে কারাগারে যাচ্ছে।

আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাষ্ট্র রোহিঙ্গাদের বিরুদ্ধে এই সহিংসতা বন্ধের পাশাপাশি তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে মিয়ারমার সরকারের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছে।