২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে লড়তে সিসিকে সামরিক বাহিনীর সমর্থন

মিশরের সর্বোচ্চ সামরিক পর্ষদ দেশটির সশস্ত্রবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আবদুল ফাত্তা আল-সিসিকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি অনুমোদন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 11:42 AM

Updated : 01 Sep 2026, 12:18 PM

দেশটির দ্য সুপ্রিম কাউন্সিল অব দ্য আর্মড ফোর্সেস (এসসিএএফ) জানিয়েছে, “সিসির প্রতি জনগণের বিশ্বাসের বিষয়টি এই বার্তাই দিচ্ছে, জনগণের মুক্ত পছন্দকে অবশ্যই মান্য করা উচিৎ।”

মিশরের নিরাপত্তা বাহিনী সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই সিসি সেনাবাহিনী প্রধানের পদ থেকে পদত্যাগ করে প্রেসিডেন্ট পদে তার প্রার্থিতা ঘোষণা করবেন।

সাবেক একনায়ক হোসনি মুবারকের পতনের পর দেশটিতে অনুষ্ঠিত প্রথম গণতান্ত্রিক নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহামেদ মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু সরকার গঠনের একবছরের মধ্যেই প্রবল বিক্ষোভের মুখে সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করে।

২০১৩ সালের জুলাইয়ে সংঘটিত ওই সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দেন সিসি।

চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে মিশরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, প্রবল জনপ্রিয়তা এবং সম্ভাব্য শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনে সিসিই জয়ী হবেন।

শনিবার কায়রোয় লাখো মানুষ প্রেসিডেন্ট হিসেবে সিসির প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়ে সমাবেশ করে। ‘জনগণের চাওয়া’র ওপরই প্রেসিডেন্ট পদে প্রার্থিতা নির্ভর করবে বলে সিসির ঘোষণার পরই এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

একই সময় মুরসির পুনর্বহালের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্ততপক্ষে ৫০ জনের মৃত্যু হয়।

এরআগে মিশরে অন্তবর্তী সরকারের প্রেসিডেন্ট আদলি মনসুর পার্লামেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচনের ডাক দেন।

সেনা-সমর্থিত সরকারের গণতন্ত্রের রোডম্যাপ অনুযায়ী আগে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও এ ঘোষণার ফলে তা আর হচ্ছে না।

প্রেসিডেন্ট মনসুর টেলিভিশনে এক ভাষণে প্রেসিডেন্ট নির্বাচন আগেই অনুষ্ঠানের ঘোষণা দেন। অনেকের সঙ্গে আলাপ আলোচনা পরই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।