থাইল্যান্ডে নির্বাচন পিছানোর সুপারিশ
থাইল্যান্ডে সপ্তাহান্তের সহিংস বিক্ষোভের পর সামনের দিনগুলোতে আরো রক্তক্ষয়ের আশঙ্কায় আগামী ২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তত এক মাস পেছানোর সুপারিশ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের সদস্য সোমচাই শ্রীসুত্থিয়াকম রয়টার্সকে বলেন, “নির্বাচনী কর্মকর্তা হিসাবে নির্বাচন সফল করাটা আমাদের দায়িত্ব। তবে নির্বাচন অনুষ্ঠানের মতো যথেষ্ট শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাটাও প্রয়োজন। আমরা রক্তপাতের নির্বাচন চাই না”।
দেশে কয়েক সপ্তাহের বিক্ষোভ-সংঘর্ষে পরিবেশ ২ ফেব্রয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের অনুকূল নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ভোটের দিন নির্ধারণ করা নিয়ে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে মঙ্গলবারই আলোচনার কথা রয়েছে নির্বাচন কমিশনের।
ইংলাক পুনরায় নির্বাচনে সহজে জিতে তার আসন পাকাপোক্ত করে নেবেন বলেই বিশেষজ্ঞদের ধারণা।
আন্দোলনকারীরা সর্বাত্মকভাবে এই নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। তারা একটি ‘গণ পরিষদ’ চায় যারা দেশটির রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত শাসন কার্যক্রম চালিয়ে যাবে।
প্রধানমন্ত্রী ইংলাকের পদত্যাগের দাবিতে নভেম্বর থেকে থাইল্যান্ডে বিক্ষোভ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন তিনি।
আন্দোলনকারীদের অভিযোগ, ইংলাক তার ভাই ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ পরিচালনা করছেন।
