শিল্পকারখানাতেও গুপ্তচরবৃত্তি করছে এনএসএ: স্নোডেন
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) বিশ্বের লাখ লাখ ফোন নাম্বার ও ই-মেইলের পাশাপাশি শিল্পকারখানাগুলোতেও গুপ্তচরবৃত্তি চালাচ্ছে।
সম্প্রতি জার্মানির একটি টিভিকে দেয়া সাক্ষাতকারে এনএসএ’র সাবেক ঠিকাদার ও সিআইএ কর্মী এডওয়ার্ড স্নোডেন বলেন, সংস্থাটি জাতীয় নিরাপত্তার নীতি-নৈতিকতা ভঙ্গ করে যে গোয়েন্দা তথ্যের নাগাল পাবে তাই গ্রাস করবে।জার্মানির এআরডি টিভিকে স্নোডেন বলেন, এনএসএ তাদের গোয়েন্দাগিরি কেবল জাতীয় নিরাপত্তার স্বার্থের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। তারা সিমেন্সের মতো জার্মান ইঞ্জিনিয়ারিং ফার্মেও গোয়েন্দাগিরি করেছে।“যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গে সিমেন্সের কোনো সম্পর্ক না থাকলেও তারা কোম্পানিটির তথ্য সংগ্রহ করেছে,” বলেন স্নোডেন।স্নোডেন এনএসএ’র গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁস করার পর যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যান। প্রথমে হংকংয়ে যাওয়ার পর সেখান থেকে পরে চলে যান রাশিয়ায়। বর্তমানে রাশিয়ার আশ্রয়ে আছেন তিনি। এআরডি সেখান থেকেই স্নোডেনের সাক্ষাৎকারটি ধারণ করে।স্নোডেন বলেন, এনএসএর গোয়েন্দাগিরি সম্পর্কিত তথ্য বা নথি আর তার কাছে নেই। তিনি সবই কিছু নির্দিষ্ট সাংবাদিককে দিয়ে দিয়েছেন।গত জুনে এনএসএর’ ব্যাপক গোয়েন্দা তৎপরতার বিষয়টি প্রথম যুক্তরাজ্যের পত্রিকা গার্ডিয়ানসহ আরো কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়। এঘটনায় ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্র সরকার স্নোডেনের বিরুদ্ধ মামলা করে। তাকে গুপ্তচর বলে অভিহিত করে।এনএসএ জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যারকেলের ফোনেও আড়িপাততো বলে খবর প্রকাশ হয়, যার কারণে দুই দেশের কূটনীতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। জার্মানি এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দাবৃত্তি বিরোধী চুক্তি করার দাবি তোলে। অবশ্য পরে এধরনের কাণ্ড আর হবে না বলে প্রেসিডেন্ট বারাক ওবামা ম্যার্কেলকে আশ্বস্ত করেন।এর আগে নিউ ইয়র্ক টাইমস এও খবর প্রকাশ হয়, এনএসএ সারা বিশ্বে অন্তত এক লাখ কম্পিউটারে এক ধরনের সফটওয়ার ব্যবহার করে সেগুলোকে নিজেদের আয়ত্বে আনে।কোনো রকম ইন্টারনেট সংযোগ ছাড়াই তারা ওই কম্পিউটারগুলোর তথ্য সংগ্রহ করে। নতুন নেটওয়ার্ক সৃষ্টির কাজেও তারা একটি গোপন প্রযুক্তি ব্যবহার করে থাকে।প্রত্রিকাটি আরো জানায়, নতুন ওই প্রযুক্তিটি অন্তত ২০০৮ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। কম্পিউটারগুলোতে প্রোথিত ছোট একটি সার্কিট ও ইউএসবি কার্ড দিয়ে বেতার তরঙ্গের মাধ্যমে তথ্য নিত তারা।
