২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম ভোটে বাধা, বিরোধী থাই নেতা নিহত

থাইল্যান্ডে আগামী সপ্তাহের নির্বাচনের আগে আয়োজিত ভোটগ্রহণ রুখতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ভোটকেন্দ্র অবরোধ চলাকালে ছড়িয়ে পড়া সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক বিরোধী নেতা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 04:21 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

থাইল্যান্ডে গত নভেম্বরে বিক্ষোভ শুরুর পর থেকে এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। আহত হয়েছে আরো বহু মানুষ।থাই পুলিশের এক মুখপাত্র নিহত বিরোধী নেতার নাম সুথিন থারাথিন বলে জানিয়েছেন। তার মাথায় এবং বুকে গুলি লেগেছে।রোববার বিক্ষোভকারীরা রাজধানী ব্যাংককের অন্তত অর্ধেক ভোটকেন্দ্র অবরোধ করেছে। তারা ভোটকেন্দ্রগুলোর দরজা বন্ধ করে রাখে এবং আগাম ভোটগ্রহণ বানচাল করে দেয় বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তরা।ব্যাংককের পুলিশ জানায়, সরকার বিরোধীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সমর্থকরা। বাং না এলাকায় দুপক্ষে মারামারি চলার সময় গুলি হয়। এতে ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে ব্যাংককের এরাওয়ান মেডিক্যাল সেন্টার।গুলি কে ছুড়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি। তবে বিক্ষোভকারীরা সরকার ও পুলিশের বিরুদ্ধে তাদেরকে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছে।বিশৃঙ্খল পরিস্থিতির কারণে আগাম ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে বেশ কয়েকটি জায়গায়।বিক্ষোভকারীরা রোববার থাইল্যান্ডের পতাকা নেড়ে এবং বাঁশী বাজিয়ে কয়েকটি ভোট কেন্দ্রের প্রবেশ দ্বারে অবস্থান নেয়। আবার কোথাও কেন্দ্রের বাইরে ছয় চাকার ট্রাক রেখে বুথে প্রবেশের পথ বন্ধ করে দেয়।ব্যাংককের ৫০টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৮ টিতেই ভোটগ্রহণ পুরোপুরি বন্ধ কিংবা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।রোববার ভোরের দিকে রাজধানীর বাইরেও কয়েকটি ভোট কেন্দ্রে আগাম ভোট গ্রহণ বন্ধ থাকে। দক্ষিণেও বেশ কয়েকটি বুথ বন্ধ করে দেয়া হয়।যদিও সরকার আগেই হুঁশিয়ার করে বলেছিল, যারা ভোট গ্রহণ বন্ধ করার চেষ্টা করবে তাদের জেল, জরিমানা বা উভয় দণ্ডের মুখে পড়তে হবে।প্রধানমন্ত্রী ইংলাকের পদত্যাগের দাবিতে নভেম্বর থেকে থাইল্যান্ডে বিক্ষোভ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই নির্বাচনের ঘোষণা দেন তিনি। ২ ফেব্রুয়ারি এই নির্বাচন হওয়ার কথা রয়েছে।আন্দোলনকারীদের অভিযোগ, ইংলাক তার ভাই ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ পরিচালনা করছেন।বিক্ষোভকারীরা ইংলাকের ডাকা ২ ফেব্রুয়ারির নির্বাচনের বিরোধিতা করে আসছে।যদিও এ নির্বাচন আদৌ হবে কিনা তা এখনো পরিষ্কার নয়। কারণ থাইল্যান্ডের একটি সংবিধানিক আদালত শুক্রবার এক আদেশ জারির মাধ্যমে ইংলাকের ওপর চাপ সৃষ্টি করেছে। এর ফলে ভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।দেশটির নির্বাচন কমিশনও ভোট পিছিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছে। তাদের যুক্তি, দেশের এই অস্থিতিশীল অবস্থায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্ভব নয়।এদিকে চলমান অস্থিরতা সামাল দিতে গত মঙ্গলবার ব্যাংককসহ আশেপাশের আরো তিনটি প্রদেশে ৬০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করে সরকার। গত বুধবার থেকে এই জরুরি অবস্থা কার্যকর হয়েছে।ভোট পিছিয়ে দেয়ার ব্যাপারে আলোচনার জন্য ইংলাক মঙ্গলবার নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে মনে করা হচ্ছে।ইংলাক পুনরায় নির্বাচনে সহজে জিতে তার আসন পাকাপোক্ত করে নেবেন বলেই বিশেষজ্ঞদের ধারণা।আন্দোলনকারীরা সর্বাত্মকভাবে এই নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। তারা একটি ‘গণ পরিষদ’ চায় যারা দেশটির রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত শাসন কার্যক্রম চালিয়ে যাবে।