গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি সেনারা আবার অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজার উত্তরাঞ্চলে অবস্থিত বেইত হানুন শহরে একটি গাড়ির ওপর ইসরায়েলি জঙ্গিবিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। এতে ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলনকারী দল ইসলামিক জিহাদের দুই সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ফিলিস্তিনিরা।এদের একজনের নাম আহমাদ জানিন এবং অপরজন তার জ্ঞাতিভাই বলে জানায় তারা। রাস্তার পাশে রাখা একটি গাড়ির মধ্যে বসে থাকা অবস্থায় তারা বিমান হামলার শিকার হয়।ইসরায়েলের সামরিক বাহিনী আহমাদ জানিন ‘পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন’ (পিএফএলপি) এর সদস্য বলে জানিয়েছে।ওদিকে, ইসলামিক জিহাদ আহমাদ জানিনকে তাদের সদস্য বলে নিশ্চিত করলেও নিহত অপরজনের ব্যাপারে কোনো মন্তব্য করেনি।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আগ বাড়িয়ে হামলা চালানোর হুমকি দেয়ার কয়েক ঘন্টার মধ্যে এ হামলা চালানো হয়। গাজা থেকে ইসরায়েলি রকেট হামলার পর হামাসের ওপর হামলার হুমকি দিয়েছিলেন নেতানিয়াহু।
