সিরিয়া শান্তি সম্মেলনে উত্তপ্ত তর্কবিতর্ক
সিরিয়ায় তিন বছর ধরে চলা গৃহযুদ্ধ অবসানে আয়োজিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে সরকার ও বিরোধী পক্ষের প্রথম মুখোমুখি বৈঠকের শুরুতেই প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ প্রশ্নে উত্তপ্ত তর্কবিতর্কে জড়িয়েছে প্রতিনিধিরা।
বুধবার সুইজারল্যান্ডের মন্ট্রিয়ায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাতিসংঘের উদ্যেগে আয়োজিত এ সিরীয় শান্তি সম্মেলন শুরুর পরপরই সিরিয়ার সরকার-বিরোধী পক্ষের নেতা আহমেদ জারবা প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলেন।তিনি বলেন, বন্দিদেরকে নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় সিরিয়া সরকারকে অভিযুক্ত করে গার্ডিয়ান পত্রিকায় ছবি প্রকাশিত হয়েছে। এটি ন্যাৎসি বাহিনীর বর্বরতার সমতুল্য।এ অভিযোগে অবিলম্বে সিরিয়ায় ক্ষমতা হস্তান্তরের জন্য আন্তর্জাতিক একটি পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান জারবা।ওদিকে, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মৌয়ালেম বলেন, প্রেসিডেন্ট আসাদ বহিঃশক্তির কাছে মাথা নত করবেন না।পশ্চিমা ও আরব বিশ্ব সিরিয়ার ‘সন্ত্রাসীদের’ (বিদ্রোহীপক্ষ)মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।জেনেভা-২ নামে পরিচিত এ সম্মেলনের উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্বে থাকা জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ সময় প্রতিনিধিদেরকে গঠনমূলক আলোচনা চালানোর আহ্বান জানালেও উভয় পক্ষই তাদের নিজ নিজ অবস্থানে অনঢ় থাকে।সিরিয়া সরকার, কয়েকটি বিদ্রোহী জোট ও পশ্চিমা কূটনীতিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আলোচনায় ‘আসাদের ক্ষমতায় থাকা কোনোভাবেই সম্ভব নয়’ বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।ওদিকে, আসাদ ক্ষমতা থেকে সরবেন না জানিয়ে মৌয়ালেম আরেক দফায় পশ্চিমাদের সমালোচনা করে বলেন, “তারা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করার দাবি করলেও তারা গোপনে সন্ত্রাসবাদকেই পুষছে”।তিনি পশ্চিমা কর্তৃপক্ষকে সিরিয়ায় ‘অস্ত্র সরবরাহ’ না করার দাবি জানিয়ে বলেন, এমন হলে আগামী তিন বছরের মধ্যে সংঘাত পাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়বে।মধ্যপ্রাচ্যকে ধংসের হাত থেকে বাঁচাতেই এ আলোচনায় অংশ নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।মহাসচিব বান কি মুন প্রত্যেককে সাত মিনিট করে সুচনা বক্তব্য দিতে বললেও মৌয়ালেম অন্তত আধা ঘণ্টারও বেশি সময় নিয়ে কথা বলেন।তিনি বিদ্রোহী সংগঠনগুলোকেও বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন। তার তীব্র ঝঁঝাঁলো কণ্ঠস্বরই আলোচনা অনুষ্ঠান ও কূটনীতিক তৎপরতার সাফল্যের আশাকে ফিকে করে তুলে।জাতিসংঘ মহাসচিব বার বার মৌয়ালিমকে বক্তব্য শেষ করতে বললেও জবাবে তিনি বলেন, আলোচনায় সিরিয়ার দৃষ্টিভঙ্গি তুলে ধরার অধিকার তার আছে। (তাই তার বক্তব্য দীর্ঘ করা প্রয়োজন।)আলোচনায় অংশ নেয়া সংশ্লিষ্ট পক্ষগুলো যাতে একে অপরকে দোষারোপ করে আপাতত বক্তব্য না দেন সে অনুরোধ বার বারই জানাচ্ছিলেন বান কি মুন। কিন্তু মৌয়ালিমের বক্তব্যে একের পর এক সেই অনুরোধের ব্যাত্যায় ঘটেছে।সিরিয়ায় কোনো ধরনের অন্তবর্তী সরকার গঠনের চেষ্টা হলে আসাদ সরকার তা রুখে দেবে বলেও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে। তার বাক্যবান থেকে রক্ষা পাননি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকেও।কেরিকে উদ্দেশ করে তিনি বলেন, সিরিয়ার প্রেসেডেন্টের বৈধতা ছিনিয়ে নেয়ার অধিকার কারো নেই। এমনকি কেরিরও নেই। কেবলমাত্র সিরীয়রাই তা করতে পারে।মৌয়ালেমের বক্তব্যকে ‘উস্কানিমূলক’ এবং ‘আগ্রাসী’ বলে অভিহিত করেন ফ্রান্সের এক কর্মকর্তা। তার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে আলোচনা নস্যাৎ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।পশ্চিমা কর্মকর্তারাও এই শান্তি সম্মেলনকে ঘিরে তেমন কোনো উচ্চাশা করছেন না। শুক্রবারের পর জেনেভা আলোচনার সব আশাই ব্যর্থতার পর্যবসিত হতে পারে বলে মন্তব্য করেছেন তারা।
সিরীয় শান্তি আলোচনায় মুখোমুখি দুই শত্রুপক্ষ
