২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ২

ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভের পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 04:51 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

বিবিসি জানায়, বুধবার সন্ধ্যার পর পুলিশ বিক্ষোভকারীদের একটি শিবির গুঁড়িয়ে দিতে চাইলে সংঘর্ষ শুরু হয়। পুলিশের রাবার বুলেটের জবাবে আগুনে বোমা ও পাথর ছুড়ে বিক্ষোভকারীরা।সংঘর্ষে পুলিশ স্নাইপারের গুলিতে একজন নিহত হয়েছে এবং দ্বিতীয় আরেকজনের দেহেও গুলির চিহ্ন দেখা গেছে।

ইউক্রেনে নভেম্বরে সরকার বিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে রাজধানী কিয়েভে সংঘর্ষে এটাই প্রথম হতাহতের ঘটনা।

জনসমাগম ও বিক্ষোভের বিরুদ্ধে সরকারের একটি আইন পাশ করাকে কেন্দ্র করে দেশটিতে সাম্প্রতিক দিনগুলোতে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।

বুধবার পুলিশের টিয়ার গ্যাস ও রাবার বুলেটের জবাবে বিক্ষোভকারীদেরকেও ঢিল ও আতশবাজি ছুড়তে দেখা যায়। একপর্যায়ে পুলিশের প্রতিরোধের মুখে তারা সরে গেলেও কিছুক্ষণ পর আবারও রাজপথ দখল করে।গত নভেম্বর থেকেই সরকারের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে ইউক্রেনের রাজধানী কিয়েভের ইন্ডিপিন্ডেন্ট স্কয়ারে বিক্ষোভ শুরু হয়। রাশিয়ার অনুকূলে থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির সরকার একটি সম্ভাব্য চুক্তি থেকে বিরত থাকায় ওই বিক্ষোভ শুরু হয়।ওদিকে বুধবার নিজ মন্ত্রী সভার সদস্যদের কাছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী মেকোলা আজরভ।তিনি বলেন, “আমি স্পষ্টতঃ বলছি তারা (বিক্ষোভকারীরা) সন্ত্রাসী। তাদেরকে এসব কাজের জন্য প্রশ্নের মুখে পড়তে হবে।”