জঙ্গি আস্তানায় পাকিস্তানি বিমানের বোমাবর্ষণ
তালেবান জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে আফগান সীমান্তের ক্ষুদ্র-নৃগোষ্ঠি অধ্যুষিত এলাকায় পাকিস্তানি জঙ্গি বিমান থেকে বোম বর্ষণ করা হয়েছে। এতে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে এব আতঙ্কিত গ্রামবাসীরা তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
পাকিস্তানের সরকারি কর্তৃত্বহীন এলাকা উত্তর ওয়াজিরিস্তানে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত অনেকগুলো জঙ্গি গোষ্ঠি আস্তানা গেড়ে আছে। এই জঙ্গিগোষ্ঠিগুলোর আস্তানা লক্ষ্য করেই মূলত বোমা হামলা চালানো হয়।
এই হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলে দাবী করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এ অভিযানের বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর কোনো ভাষ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মির আলি এলাকা থেকে স্থানীয় নৃগোষ্ঠি নেতা মালিক জান মোহাম্মদ জানিয়েছেন, হামলায় ১৫ জন নিহত হয়েছেন। তালেবানের একটি সূত্র বেসামরিক নাগরিকসহ নিহতের সংখ্যা ২৭ জন বলে দাবী করেছে।
গত সপ্তাহে পাকিস্তান জুড়ে নিরাপত্তা বাহিনীর ওপর ব্যাপক হামলা চালায় বিদ্রোহী জঙ্গিরা। এর ফলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপর আভ্যন্তরীণ চাপ বাড়তে থাকার প্রেক্ষিতেই অভিযানটি চালানো হল।
গত রোববার পাকিস্তানী সেনাবাহিনীর একটি গাড়ি বহরে জঙ্গি হামলায় ২০ জন সেনা নিহত হন। ওই হমলার পর শরীফ সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দেয়ার পরিকল্পনা বাতিল করে জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা বলেন, “তালিবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা আগে থেকে করা ছিলো না। কিন্তু নিরাপত্তা বাহিনীর ওপর হামলার সঙ্গে জড়িত থাকা জঙ্গিদের গোপন আস্তানায় আঘাত করার জন্য পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোকে পাঠানো হয়।”
তবে যুদ্ধ বিমানগুলো শুধুমাত্র জঙ্গিদের গোপন আস্তানায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে সামরিক সূত্রগুলো। অপরদিকে স্থানীয় অধিবাসীরা বলেছেন, কোনো রকম সতর্ক সংকেত না দিয়েই রাতে বোমা বর্ষণ শুরু করা এবং রাতভর তা চলে।
মির আলি এলাকার খাইয়াল জামান নামে একজন গ্রামবাসী রয়টার্সকে বলেন, “বিমানগুলো যখন গ্রামের ওপর বোমা বর্ষণ শুরু করে তখন আমরা সবাই ঘুমিয়ে ছিলাম।”
“কী হচ্ছে রাতের আঁধারে আমরা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। যারা বেঁচে ছিলো তারা সবকিছু অগ্রাহ্য করে বাচ্চাদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে খোলা জায়গার দিকে পালিয়ে যায়।”
