২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ২৬

ইরাকের রাজধানী বাগদাদে ৭ টি বোমা বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 09:43 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

বাগদাদের দক্ষিণাঞ্চলে আবু শির এলাকার প্রধানত শিয়া মুসলিম এলাকায় সবচেয়ে রক্তক্ষয়ী হামলা হয়েছে। সেখানে একটি ব্যস্ত বাজারের কাছে গাড়িবোমা হামলায় ৭ জন নিহত এবং ১৮ জন আহত হয়।

বোমা হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ইরাকে গত বছর শিয়াদের ওপর সহিংসতা বাড়ার জন্য সুন্নি বিদ্রোহীদের দায়ী করা হয়। তাদের কেউ কেউ আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট।

আল কায়েদা জঙ্গি ও তাদের স্থানীয় দোসররা ১ জানুয়ারিতে ফাল্লুজা এবং রামাদি শহরের কয়েকটি অংশ দখল করে নিয়েছে।

সোমবার ৫ টি বোমা হামলাই হয়েছে রাজধানীর প্রধানত শিয়া এলাকাগুলোতে। আর দুটি হামলা হয় সুন্নি এলাকায়।