ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাচ্ছে ইরান
ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কমাতে শুরু করেছে ইরান। এতে করে ইরানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিলের পথ সুগম হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টিভি।
নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ব্যবহৃত সেন্ট্রিফিউজগুলো সংযোগবিচ্ছিন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে টিভিতে।
জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাও(আইএইএ) এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমাতে শুরু করেছে। উচ্চমাত্রায় সমৃদ্ধ এই ইউরেনিয়াম এটম বোমা তৈরির উপযেগী।
সদস্যরাষ্ট্রগুলোর কাছে দেয়া আইএইএ’র প্রতিবেদনে বলা হয়, “সংস্থাটি নিশ্চিত করে জানাচ্ছে যে, ২০১৪ সালের ২০ জানুয়ারি ইরান পাইলট ফুয়েল এনরিচমেন্ট প্লাণ্টে (এফএফইপি) দুটো সেন্ট্রিফিউজ এবং ফর্দো প্লান্টে ৪ টি সেন্ট্রিফিউজে ৫ শতাংশের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়েছে”।
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি বলেছেন, আইএইএ পরিদর্শকরা নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় সেন্ট্রিফিউজগুলোর সংযোগ বিচ্ছিন্ন করছে। ইরানের ওপর নিষেধাজ্ঞার বরফও গলছে বলে মন্তব্য করেন তিনি।
তবে আইএইএ ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেনি। তবে বিবিসিকে তারা জানায়, পরমাণু চুক্তি সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।
জাতিসংঘ সংস্থাটির এক দূত এএফপি কে বলেছেন, “ইরান তার পক্ষ থেকে পারমাণবিক চুক্তির বাস্তবায়ন শুরু করেছে।সব কিছু ভালয় ভালয় চলছে এবং চুক্তির সব শর্তই মানা হয়েছে”।
গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ইউরোপীয় শক্তিধর দেশগুলোর সঙ্গে পৌঁছানো চুক্তির আওতায় ইরান এ পদক্ষেপ নিচ্ছে।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর বিনিময়ে ইরানে ইইউ এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আংশিক উঠে যাবে। এতে করে ইরান কোটি কোটি ডলারের পেট্রোকেমিক্যাল রপ্তানী এবং সোনার ব্যবসা করতে পারবে।
চুক্তিতে বলা ছিল, ইরানকে ৫ শতাংশের বেশি মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে।
২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমাতে হবে এবং ছয়মাসের মধ্যে এ মজুদ সম্পূর্ণ দূর করতে হবে।
কুয়াম শহরের কাছে ফর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র প্রতিদিনই পরিদর্শন করতে দিতে হবে।
আরাক ভারি পানির স্থাপনা মাসে মাসে পরিদর্শনের অনুমতি দিতে হবে।
বিনিময়ে ইরানে ছয়মাসে কিছু নিষেধাজ্ঞা স্থগিত করাসহ নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না যুক্তরাষ্ট্রসহ ৬ বিশ্বশক্তি।
ইরানকে এটম বোমা বানানো থেকে বিরত রাখতে দেশটির সঙ্গে এ চুক্তি করে ছয় বিশ্বশক্তি। যদিও ইরান দাবি করে আসছে তাদের পারমাণবিক বোমা বানানোর কোনো অভিপ্রায় নেই এবং তাদের এ কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।
