২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাঁ, আমি নৈরাজ্যবাদী: কেজরিওয়াল

নিষেধাজ্ঞা ভেঙে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটকে দিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 01:48 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

এনডিটিভির খবরে বলা হয়, বাধা পাওয়ার পর মুখ্যমন্ত্রী পুরো দিল্লিকে তার সঙ্গে বিক্ষোভে যোগ দেয়ার আহ্বান জানান। এমনকি রাজ্যের পুলিশ কর্মকর্তাদেরও আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

দুর্নীতিবিরোধী শ্লোগান নিয়ে হঠাৎ করেই মুখ্যমন্ত্রী বনে যাওয়া কেজরিওয়াল রোষের সঙ্গে বলেন, “অনেকেই বলে আমি নাকি নৈরাজ্যবাদী। হ্যাঁ, আমি তাই। নগরীর প্রতিটি ঘরেই আজ আইনের অভাব। আজ আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরেও সেই অশান্তি ছড়িয়ে দেব।”

দুপুরে এনডিটিভি তাৎক্ষণিক এক খবরে কেজরিওয়ালকে আটকের কথা জানালেও পুলিশ তা অস্বীকার করে।

রাজ্য সরকারের দুই মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বেশ কয়েকজনকে গ্রেপ্তারে অস্বীকৃতি জানানো পুলিশের সদস্যদের বরখাস্তের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের সামনে এই কর্মসূচি দেন আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল। দাবি পূরণের জন্য সোমবার সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দেন তিনি।

ওই সময়ের মধ্যে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে রওনা হন দিল্লির মুখ্যমন্ত্রী।

কিন্তু সচিবালয়ের পথে ইন্ডিয়া গেইটের কাছে পুলিশের ব্যারিকেডে আটকা পড়েন কেজরিওয়াল ও তার মন্ত্রিসভার ছয় সদস্য। তাকে ঠেকাতে সুশীল সিন্ধের কার্যালয়ের সামনে ১৪৪ ধারাও জারি করা হয়।

এই পরিস্থিতিতে সেখানেই অবস্থান নেন কেজরিওয়াল ও তার দলবল। আর পুলিশের পক্ষ থেকে বলা হয়, দুপুরে ভারতের প্রজাতন্ত্র দিবসের মহড়া শেষ না হওয়া পর্যন্ত তাদের সেখানেই অবস্থান করতে হবে।

কেজরিওয়ালের কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ ঠেকাতে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত নর্থ ব্লক সংলগ্ন প্যাটেল চক, কেন্দ্রীয় সচিবালয়, উদ্যোগ ভবন ও রেস কোর্সে মেট্রো স্টেশনগুলোও বন্ধ রাখা হয়।

গত বুধবার রাতে দিল্লির আইনমন্ত্রী সোমনাথ ভারতী নগরের দক্ষিণাঞ্চলে একটি বাড়িতে মাদক ও নারী পাচারকারী চক্রের সদস্য অভিযোগে উগান্ডার কয়েকজন নাগরিককে গ্রেপ্তারের নির্দেশ দেন পুলিশকে। কিন্তু পরোয়ানা না থাকায় পুলিশ অভিযান চালাতে অস্বীকৃতি জানায়।

এরপর পুলিশের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন চার নারী। তারা অভিযোগ করেন, মাদক গ্রহণ করেছেন কিনা পরীক্ষা করতে পুলিশ তাদের মূত্রের নমুনাও নিয়েছে।

এছাড়া একটি মৃত্যুর ঘটনায় রাজ্যের আরেক মন্ত্রী রাখি বিড়লা অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিলেও পুলিশ তা পালন করেনি বলে অভিযোগ কেজরিওয়ালের।

সম্প্রতি দিল্লিতে ডেনমার্কের ৫১ বছর বয়সী এক পর্যটককে ধর্ষণের ঘটনাও পুলিশ যথাযথভাবে তদন্ত করছে না বলে তিনি অভিযোগ করেছেন।

এসব ঘটনায় ‘সরকারকে অসহযোগিতা করা’ পুলিশ সদস্যদের বরখাস্ত অথবা বদলি করার দাবিতেই কেজরিওয়াল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে যান।

যদিও দিল্লির পুলিশ কমিশনার বিএস বাসি বরখাস্তের দাবি নাকচ করে দিয়ে বলেছেন, ঘটনার সত্যতা উদঘাটনে তদন্ত চলছে।

তবে দাবি আদায়ে সেই তদন্তের ফলাফল পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন কেজরিওয়াল।

রাতে নিজের টুইটারে জনগণকে নিজের এই কর্মসূচিতে অংশ না নেয়ার আহ্বান জানালেও সোমবার পুলিশের বাধার পর ক্ষুব্ধ কেজরিওয়াল বলেন, “আমি এই বিক্ষোভে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছি।”

দিল্লির ‘সৎ’ পুলিশ কর্মকর্তাদেরও ছুটি নিয়ে এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানান তিনি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কেজরিওয়াল টানা ১০ দিন অবস্থান কর্মসূচি চালানোর প্রস্তুতি নিয়েছেন। এই কর্মসূচির কারণে কোনো সাংবাধিনিক সংকট বা প্রজতন্ত্র দিবস উৎযাপনে বিঘ্ন ঘটলে তার দায় কেন্দ্র সরকারকে নিতে হবে বলেও তিনি হুঁশিয়ার করেছেন।