থাই বিক্ষোভকারীদের ওপর ফের হামলা
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভকারীদের মিছিলে আবার বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ জন আহত হয়েছে। এর মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।
এর আগে গত শুক্রবার বিক্ষোভকারীদের মিছিলে একইরকম একটি বোমা হামলায় ৩৫ জন আহত এবং একজন নিহত হয়েছিল।
রোববার সরকারকে পদত্যাগে বাধ্য করতে রাজধানী অচলের আন্দোলনে নামা বিক্ষোভকারীদেরকে লক্ষ্য করে আবারো বিস্ফোরক ছোড়া হয়।
বিক্ষোভকারীদের এক নেতা জানান, হামলাকারীদের পিছু ধাওয়া করা হলেও তারা গুলি ছুড়ে পালিয়ে যায়।
হামলাটি হয় প্রধান একটি সড়ক সংযোগস্থল ভিক্টরি মনুমেন্টের একটি বিক্ষোভ শিবিরে। সাবেক ডেমোক্র্যাট এমপি থাওর্ন সেনেমর নেতৃত্বে সেখানে বিক্ষোভ চলছিল। সেনেম জানান, তাকে লক্ষ্য করেই খুব সম্ভবত হামলা চালানো হয়েছে।
ব্যাংকক পোস্ট পত্রিকায় তিনি বলেন, একজন হামলাকারীর ছোড়া বিস্ফোরক তার কাছ থেকে ২০ মিটার দূরে গিয়ে পড়ে।
ব্যাংককের জরুরি চিকিৎসা সেব কেন্দ্রর মহাপরিচালক সুপন শ্রীথামা সাংবাদিকদের বলেছেন, “ভিক্টরি মনুমেন্টে হামলার ঘটনায় ২৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত হয়েছে ৭ জন”।
প্রত্যক্ষদর্শীরা দুটো বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভস্থলগুলোতে সহিংস তৎপরতার খবর আসছে। বিশেষ করে সন্ধ্যার দিকে সহিংস ঘটনা ঘটছে।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সংযত থাকার আহ্বান জানানোয় নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলেছে।
কিন্তু সংবাদদাতারা বলছেন, থাইল্যান্ডে সরকার বিরোধী ও সমর্থক দুপক্ষেই সশস্ত্র গোষ্ঠী আছে। সহিংস তৎপরতা চালাতে উন্মুখ হয়ে আছে তারা।
থাইল্যান্ড সরকারের পদত্যাগের দাবিতে দেশটিতে ব্যাপক আন্দোলন চলছে। আন্দোলনকারীরা রাজধানী ব্যাংকককে প্রায় অবরুদ্ধ করে ফেলেছে এবং আপাতত এ রাজনৈতিক সংকটের সমাধান দেখতে পাওয়া যাচ্ছে না।
সরকার বিরোধীরা আগামী ২ ফেব্রুয়ারি নির্বাচন বর্জনে অটল রয়েছে। তারা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবি নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
