২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা ছাড়ছেন না আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার পদত্যাগের কোনো ইচ্ছা নেই এবং বুধবার অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে এ বিষয়টি নিয়ে আলোচনাও উঠতে পারে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 05:48 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

তিনি বলেন, “আমরা আত্মসমর্পণ করতে চাইলে শুরু থেকেই তা করতাম”।

বিবিসি জানায়, দামেস্কোয় রাশিয়ার এমপি’দেরকে আসাদ এমন কথাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

সিরিয়ার সরকার বিরোধী দলগুলো উত্তরণশীল সরকার গঠনের সম্ভাবনা নিয়ে কোনোরকম আলোচনায় বসার পূর্বশর্ত হিসাবে আসাদের পদত্যাগ দাবি করে আসছিল। তবে বিদ্রোহীদের প্রধান জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন শনিবার আলোচনায় যোগ দেয়ার সিদ্ধান্ত জানায়।

দামেস্কও এ আলোচনায় অংশ নিতে রাজি। তবে তারা বলেছে, প্রতিনিধিরা প্রথম এবং সর্বাগ্রে সন্ত্রাস দূরীকরণ নিয়ে আলোচনাকেই প্রাধান্য দেবে।

আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় আলোচনায় আসাদ সরকার, বিরোধী গ্রুপগুলো এবং পশ্চিমা কূটনীতিকরা অংশ নেবে।

সিরিয়ার গৃহযুদ্ধ আবসানের লক্ষ্য নিয়ে ২২ জানুয়ারি সুইজারল্যান্ডের মনটেরেক্স শহরে আন্তর্জাতিক শান্তি আলোচনা শুরু হচ্ছে।

“জেনেভা-২” নামে পরিচিতি পাওয়া এই আলোচনাকে সিরিয়ার প্রায় তিন বছর ধরে চলা সংঘাত নিরসনে সবচেয়ে বড় আন্তর্জাতিক উদ্যেগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আলোচনায় ন্যাশনাল কোয়ালিশনের যোগ দেয়ার প্রতিশ্রুতি তাদের পশ্চিমা সমর্থকদের জন্য একটি বড় ধরনের স্বস্তির বিষয়। যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

এ্রর আগে এই আলোচনায় যোগ দিতে অস্বীকার করেছিল ন্যাশনাল কোয়ালিশন।

এতে ক্ষিপ্ত হয়ে তাদের প্রতি সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

ফ্রান্স, সৌদি আরবসহ অন্যান্য সমর্থক দেশগুলোও ন্যাশনাল কোয়ালিশনকে সম্মেলনে যোগ দেয়ার পরামর্শ দিয়েছিল।