কাবুলে আইএমএফের শীর্ষ প্রতিনিধিসহ নিহত ২১
আফগানিস্তানের রাজধানী কাবুলে জনপ্রিয় একটি লেবাননী রেস্তোরাঁয় তালেবানের হামলায় দেশটিতে আন্তর্জাতিক মুদ্রা তফবিলের (আইএমএফ) শীর্ষ প্রতিনিধি এবং জাতিসংঘের তিন কর্মীসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন।
শুক্রবার রাতে কাবুলের ওয়াজির আকবর খান এলাকায় এ হামলা হয়। তবে শনিবার নিহতদের বিস্তারিত পরিচয় জানা গেছে।
বিদেশিরা রাতের খাবার খেতে ওই রেস্তোরাঁয় জড়ো হলে প্রথমে একজন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান। এরপর বন্দুকধারীরা সেখানে এলোপাতাড়ি গুলি চালায়।
আফগান পুলিশ জানায়, হামলায় নিহতদের মধ্যে ১৩ জনই বিদেশি নাগরিক।
যুক্তরাষ্ট্র দূতাবাস এক টুইটে জানায়, হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত দুই জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
যুক্তরাজ্য ও কানাডাও তাদের দুই জন করে নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে। ডেনমার্ক বলেছে, হামলায় নিহতদের মধ্যে তাদের এক নাগরিক রয়েছে।
এক আফগান কর্মকর্তা জানান, কাবুলের কূটনৈতিক পাড়ায় ওই রেস্তোরাঁয় হামলাকারীদের দুজন গুলিতে নিহত হয়েছেন।
আত্মঘাতী হামলার পর প্রায় এক ঘণ্টা ধরে ওই রেস্তোরাঁয় গোলাগুলির শব্দ শোনা যায়।
এ হামলার দায় স্বীকার করে তালেবান বলেছে, গত সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আট বেসামরিক নাগরিক নিহতের জবাবে এ হামলা চালানো হয়েছে।
জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, “বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এ ধরনের হামলা পুরোপুরি অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। এগুলো এখনই বন্ধ করতে হবে।”
