২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনন্দার মৃত্যু ‘অস্বাভাবিক’

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুশকারের মৃত্যু ‘অস্বাভাবিক ও আকস্মিক’ বলে ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 06:24 PM

Updated : 22 Aug 2022, 05:32 PM

তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে তার মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না সে বিষয়ে কিছু বলেননি তারা।

শনিবার রাজধানী নয়া দিল্লির এআইআইএমএস হাসপাতালে সুনন্দার ময়নাতদন্ত হয়।

ময়নাতদন্তকারী তিন চিকিৎসকের একজন ডা. সুধীর কুমার গুপ্ত বলেন, “সুনন্দার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে সেগুলোর ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।”

ময়নাতদন্তে তার শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে জানান এই চিকিৎসক।

সুনন্দার মৃত্যুর পর বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শশী থারুর ময়নাতদন্তের পর স্ত্রীর মরদেহ নিয়ে যান। দক্ষিণ দিল্লির লোদি রোডের একটি বাসায় তার মরদেহ নেয়া হয়েছে। শনিবারই প্রয়াতের শেষকৃত্য করা হতে পারে।

সম্প্রতি পাকিস্তানের এক নারী সাংবাদিকের সঙ্গে স্বামী শশী থারুরের প্রেমের সম্পর্কের অভিযোগ তুলেছিলেন সুনন্দা।

এ নিয়ে কয়েক দিন ধরে পাকিস্তানি সাংবাদিক মেহর তারারের সঙ্গে টুইটারে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। মেহর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের চর এবং তার স্বামীকে ফুসলানোর চেষ্টা করছেন বলে অভিযোগ তার।

তবে এ অভিযোগ অস্বীকার করে মেহর বলেন, ভারতের কেন্দ্রীয় সরকারের মানব উন্নয়ন বিষয়ক মন্ত্রী শশীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই।

পরে অবশ্য শশী-সুনন্দা দম্পতি এক বিবৃতিতে তাদের দাম্পত্যে কোনো ধরনের সমস্যা নেই বলে জানিয়েছিলেন। এর একদিন বাদেই শুক্রবার রাতে দিল্লির একটি হোটেলে সুনন্দাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

২০১০ সালে সুনন্দাকে বিয়ে করার আগেও কেলেঙ্কারিতে জড়ান তখনকার প্রতিমন্ত্রী  শশী থারুর। বান্ধবী সুনন্দাকে আইপিএলের একটি দল কিনতে প্রভাব খাটানোর অভিযোগ ওঠার পর মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল তাকে।

এরপর দুজনে বিয়ে করেন, যা ছিল উভয়েরই তৃতীয় বিয়ে। সুনন্দার দ্বিতীয় স্বামীর ঘরে ২১ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

পুরনো খবর:

সুনন্দার মৃত্যুতে ‘হতভম্ব’ শশীর কথিত বান্ধবী