ডন অনলাইনের সম্পাদক মুসাদিকের মৃত্যু
এক বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর মারা গেছেন পাকিস্তানের দ্য ডন ডটকম অনলাইন সংবাদপত্রের সম্পাদক মুসাদিক সানওয়াল।
শুক্রবার সকালে করাচিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে দ্য ডন অনলাইন সংবাদপত্রটি জানিয়েছে।সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ মুসাদিক ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। সাংবাদিকতার পাশাপাশি বন্ধুবৎসল ও শিল্প রসিক হিসেবেও তিনি পরিচিত ছিলেন।তরুণ বয়সে তিনি সংগীতে তালিম নিয়েছিলেন আর সারা জীবন সংগীতের প্রতি ভালবাসা ধরে রেখেছিলেন। তিনি নিয়মিত গান গাইতেন।তারুণ্যে তিনি নিয়মিত সংগীত সম্মেলন ও কনসার্টে অংশগ্রহণ করতেন। ছাত্র জীবনে তিনি পাকিস্তানের ন্যাশনাল কলেজ অব আর্টস (এনসিএ) এ পড়াশোনা করেন।১৯৮০ সালে সেখান থেকে পাস করে পাকিস্তানের সবচেয়ে বড় শহর বন্দরনগরী করাচি চলে আসেন। এ সময় তিনি লেখক মোহাম্মদ হানিফের সঙ্গে একই বাসায় থাকতেন। এরপর তারা দুজনেই বিবিসি’তে কাজ করতে লন্ডন চলে যান।২০০০ সালের মাঝামাঝি তিনি ডন সংবাদপত্রের সাবেক সম্পাদক আব্বাস নাসিরের সঙ্গে পাকিস্তান ফিরে আসেন।তার বিষয়ে নাসির বলেছেন, “মুসাদিক একজন সাংবাদিক, লেখক ও অসম্ভব সৃজনশীল, দারুন মেধাবী একজন মানুষ ছিলেন। তিনি চমৎকার একজন স্বামী ও দায়িত্বশীল একজন পিতা ছিলেন।”“এর মধ্যে যা উল্লেখযোগ্য, তিনি সংগীতের প্রতি তার ভালবাসার পরিচয় দিয়ে যে কাউকে মোহিত করে ফেলতে পারতেন। তিনি খুব হাসিখুশি ও অত্যন্ত প্রাণবন্ত মানুষ ছিলেন।”এক বছর আগে মুসাদিকের শরীরে ক্যান্সার ধরা পড়ে। তারপর থেকে ক্যান্সারের সঙ্গে তার লড়াই চলছিল। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত ক্যান্সারের জয় হল। ঝড়ে গেল প্রাণবন্ত এক সাংবাদিক ও শিল্প রসিক।করাচিতে জানাজার পর নিজ শহর মুলতানে তাকে কবর দেয়া হবে। মৃত্যুকালে ৫২ বছর বয়সী এই সৃষ্টিশীল মানুষটি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
