মিশরে পুলিশের সঙ্গে ব্রাদারহুডের সংঘর্ষে নিহত ৪
মিশরজুড়ে শুক্রবার পুলিশের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সমর্থকদের সংঘর্ষে অন্ততপক্ষে চারজন নিহত হয়েছেন।
দেশটির নতুন সংবিধানের ওপর এ সপ্তাহের গণভোটের আনুষ্ঠানিক ফলাফল শনিবার ঘোষণা করা হতে পারে বলে আশা করছেন মিশরের কর্তৃপক্ষ। এর মাত্র একদিন আগে ওই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটলো।নিহতদের মধ্যে রাজধানী কায়রোর দক্ষিণের শহর ফাইউমে এক ব্যক্তিকে ঘাড়ে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে রয়টার্সকে এ তথ্য জানানো হয়েছে।নিরাপত্তা সূত্র জানায়, কায়রোতে আরো তিনজনকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে দুইজনকে গুলি করে হত্যা করা হয়। অন্যজন কীভাবে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।এছাড়া সুয়েজ ও ইসমাইলিয়া শহরসহ রাজধানীর আরো কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে ব্রাদারহুডের সমর্থকদের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।সিনাইয়ের কেন্দ্রস্থলে বন্দুকধারীরা একটি শিল্পাঞ্চলে প্রাকৃতিক গ্যাস সরবরাহের পাইপলাইনে বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত না হলেও ওই এলাকার কয়েকটি কারখানায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়।অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হাজেম ইল-বেবলাউই গ্যাসের পাইপলাইনে ওই হামলার নিন্দা করেন এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।২০১১ সালে স্বৈরশাসক হোসনি মুবারকের পতনের পর সিনাই উপত্যকার কিছু অংশের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। সেখানে কট্টর ইসলামপন্থী জঙ্গিরা বিস্তার লাভ করেছে।
