স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক
ভারতের এক নারী কূটনীতিককে গ্রেপ্তার ও তাকে বিবস্ত্র করে দেহ তল্লাশি করা নিয়ে সৃষ্ট বিরোধে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের পর এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক স্বাভাবিক ধারায় ফিরে আসছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার দুদেশের সম্পর্ক স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নস দেশটিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন।ওইদিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, বার্নস ভারতীয় রাষ্ট্রদূত এস জয়শঙ্করের সঙ্গে এক “ফলপ্রসূ” মধ্যাহ্নভোজ বৈঠকে মিলিত হয়েছে। এ সময় উভয়পক্ষই যুক্তরাষ্ট্র-ভারতের কৌশলগত অংশীদারিত্বের গুরুত্ব সম্পর্কে সহমত পোষণ করেন।“তারা দুদেশের আসন্ন দ্বিপাক্ষিক বৈঠকের আওতা ও প্রাথমিক প্রস্তুতির বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন,” বিবৃতিতে বলা হয়।“গত কয়েক সপ্তাহ বেশ কঠিন সময় গেছে বলে তারা স্বীকার করেছেন, এখন ব্যাপকভিত্তিতে দ্বিপাক্ষিক বিষয়গুলো সহযোগিতার ভিত্তিতে এগিয়ে নিতে তারা বদ্ধ পরিকর।”দু’দেশের এই দুই কর্মকর্তা দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে তিক্ততার সময় উঠে আসা বিষয়গুলো নিয়েও আলোচনা করেন।বার্নস এবং জয়শঙ্কর, দূষণমুক্ত জ্বালানি এবং জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা, অর্থনীতি এবং বাণিজ্য চুক্তি, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং বেসামরিক নিউক্লিয়ার উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্র-ভারতের একত্রে কাজ করার বিষয়ে দৃঢ় সহমত পোষণ করেন।
