২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাইলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ভূমিকার সমালোচনা করে করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 01:31 PM

Updated : 22 Aug 2022, 05:31 PM

ব্যক্তিগত আলাপচারিতায় করা ওই মন্তব্য সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ হয়ে যায়।

এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে বিবিসি।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ইয়ালনকে উদ্ধৃত করে বলা হয়, তিনি বলেছেন, “শান্তি প্রচেষ্টায় কেরি ভুল ধারণায় প্ররোচিত হয়ে ত্রাণকর্তার মতো আচরণ করছেন।”

ইসরায়েলকে দেয়া কেরি এক নিরাপত্তা পরিকল্পনাকে “যে কাগজে এটি লেখা হয়েছে তার দামেরও উপযুক্ত নয়” বলে মন্তব্য করেছেন ইয়ালন।

তিনি আরো বলেন, “জন কেরি- যে সংকল্পবদ্ধ হয়ে আমাদের কাছে এসেছেন আর ত্রাণকর্তার মতো সীমাহীন আবেশ দিয়ে চালিত হচ্ছেন, ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতের বিষয়ে আমাকে কিছুই বোঝাতে পারেননি।”

এরপর তিনি আশা প্রকাশ করে বলেন, “জন কেরি নোবেল পুরস্কার পেয়ে আমাদের একা ছেড়ে গেলেই কেবল আমরা রক্ষা পেতে পারি।”

প্রকাশিত মন্তব্যকে ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিবেচনায় “যথাযথ নয়” বলে মন্তব্য করে এর সমালোচনা করেছে হোয়াইট হাউস। বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রতি বিরল ক্ষুব্ধতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও প্রতিরক্ষামন্ত্রী ইয়ালনের মন্তব্যের সমালোচনা করেছেন।

এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, “যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যদি আঘাত পেয়ে থাকেন তাহলে কথিত বক্তব্যের জন্য প্রতিরক্ষামন্ত্রী ক্ষমাপ্রার্থী।”

আক্রমণাত্মক কোনো উদ্দেশ্যে থেকে ইয়ালন এমন কথা বলেননি বলে বিবৃতিতে দাবি করা হয়। এতে মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টায় জন কেরির ভূমিকারও প্রশংসা করা হয়।

ইয়ালনের কথিত মন্তব্য ইসরায়েলের ইয়েদিওত আহরনট সংবাদপত্রে প্রথম প্রকাশ হয়। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য দেশটির অন্যান্য সরকারি কর্মকর্তার মানসিক অবস্থার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে যুক্তরাষ্ট্রের মতো সবচেয়ে সবল মিত্রের সঙ্গে সম্পর্ক ধরে রাখার ব্যাপারেও সতর্ক ইসরায়েল।