২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সংবিধান প্রশ্নে গণভোট

মিশরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নতুন সংবিধানের ওপর দু’দিনব্যাপী গণভোটে জনগণ ভোট দিতে শুরু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 05:23 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সেনাবাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর মিশরে এটিই প্রথম ভোট। নতুন নির্বাচনের পথ প্রশস্ত করতে পারে এ গণভোট।মুরসির আমলে পাস করা সংবিধানের জায়গায় নতুন সংবিধান চালু করার লক্ষ্যে এটি নিয়ে গণভোট অনুষ্ঠিত হচ্ছে।মঙ্গলবার থেকে শুরু হওয়া দুদিনের এ গণভোটে মুরসি বিরোধীদের একটি বড় অংশই ‘হ্যাঁ’ ভোট দেবে বলে মনে করা হচ্ছে। মিশরের সেনা সমর্থিত সরকারও চাইছে হ্যাঁ ভোট জয়যুক্ত হোক।মুরসির দল এবং সন্ত্রসী সংগঠনের তকমা পাওয়া মুসলিম ব্রাদারহুড গণভোট বয়কট করছে এবং ভোটে সহিংসতা দেখা দেয়ারও আশঙ্কা আছে।ভোট শুরুর কিছুক্ষণ আগেই কায়রোর ইম্বাবা এলাকায় একটি আদালত ভবনের কাছে বিস্ফোরণ ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।তবে কায়রোর দক্ষিণে বানি সুয়েফ এলাকায় গণভোট বিরোধী বিক্ষোভে এক ব্যক্তি নিহত হয়েছে বলে বিবিসি’কে জানিয়েছেন এলাকাটির গভর্নর।গণভোটের নিরাপত্তা রক্ষার জন্য মিশরের সর্বত্র সেনাবাহিনী ও পুলিশের অন্তত ৩,৫০,০০০ সদস্য মোতায়েন করা হয়েছে।ব্রাদারহুডসহ কয়েকটি রাজনৈতিক দল গণভোট বানচালের ডাক দিয়েছে। ভোটে অংশ না নেয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছে ব্রাদারহুড। দলটি গণভোট বাতিল করে মুরসিকে পুনর্বহালের দাবি জানাচ্ছে।মুরসির শাসনামলে মিশরের প্রণীত সংবিধান পরিবর্তন করেছে বর্তমান সেনা সমর্থিত সরকার। মঙ্গল ও বুধবারের গণভোটে নতুন সংবিধান অনুমোদন পেলে চলতি বছরের মাঝামাঝি সময়ে মিশরে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।